• দেশের জ্বালানি ঘাটতি মেটাবে পশ্চিমবঙ্গ? রাজ্যে পালাবদলের পর শুরু জোর তৎপরতা, অশোকনগরে আশার আলো
    News18 বাংলা | ২৬ মে ২০২৬
  • ইরান আমেরিকা যুদ্ধের জেরে দেশ জুড়ে তৈরি হয়েছে জ্বালানি সঙ্কট৷ গত দু সপ্তাহে চার বার বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম৷ যেহেতু অপরিশোধিত তেলের জন্য ভারত বিদেশ থেকে আমদানির উপরে নির্ভরশীল, তাই এমন সঙ্কট যে ভবিষ্যতেও আসবে না, তা হলফ করে বলা যায় না৷ এই পরিস্থিতিতে গোটা দেশের কাছে আশার আলো হয়ে উঠতে পারে পশ্চিমবঙ্গ৷ কারণ অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গই দেশের জ্বালানির তেলের চাহিদার একটা বড় অংশ পূরণ করতে পারে৷

    অনেকদিন আগেই উত্তর চব্বিশ পরগণার অশোকনগরে ভূগর্ভস্থ তেলের সন্ধান মিলেছিল৷ ওই এলাকায় তেল উত্তোলনের জন্য প্রাথমিক ভাবে ড্রিলিংয়ের কাজও শুরু করে ওএনজিসি৷ কিন্তু তৃণমূল সরকারের আমলে এই কাজ শুরু হলেও স্থানীয় কিছু সমস্যার কারণে তাতে বাধা সৃষ্টি হয়৷ ফলে প্রত্যাশিত গতিতে খনন এবং তেল উত্তোলনের কাজ এগোয়নি৷ রাজ্যে পালাবদলের পর অশোকনগরে তেল উত্তোলন নিয়ে নতুন করে আশার আলো দেখা গিয়েছে৷

    গত শনিবার রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠক করেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য৷ সূত্রের খবর, সেই বৈঠকেও অশোকনগরে তেল উত্তোলনের বিষয়ে আরও তৎপরতার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করেন শমীক৷ দ্রুত যাতে অশোকনগরের ওই এলাকা থেকে তেল উত্তোলন শুরু করা যায়, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে সেই অনুরোধই করেছেন বিজেপি রাজ্য সভাপতি৷

    জানা গিয়েছে, অশোকনগরের ওই অঞ্চলকে পূর্ব ভারতের প্রথম অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদন ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ ওই অঞ্চলে ২৪০ মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেল মজুত রয়েছে বলে মনে করা হচ্ছে৷ ফলে অশোকনগরে তেল উত্তোলন শুরু হলে শুধু যে দেশের জ্বালানি সমস্যার সুরাহা হবে তাই নয়, ওই অঞ্চলের অর্থনৈতিক পরিবেশই আমূল বদলে যাবে৷ তৈরি হবে বিপুল কর্মসংস্থান৷

    কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শমীক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গকে ফের সোনার বাংলা করার জন্য প্রধানমন্ত্রীর আলাদা পরিকল্পনা রয়েছে৷ আর্থিক দিক থেকে ঘুরে দাঁড় করাতে পশ্চিমবঙ্গের জন্য কী কী করতে হবে, তা অর্থমন্ত্রীও জানেন৷ সেই দিশা তিনি দেখাবেন৷ কারণ তৃণমূল শাসনে রাজ্যের বিনিয়োগ সম্ভাবনা কার্যত শেষ হয়ে গিয়েছে৷
  • Link to this news (News18 বাংলা)