• ১১৪ রাফাল ক্রয়: ফ্রান্সের সঙ্গে চুক্তির পথে আরও একধাপ এগল ভারত
    বর্তমান | ২৬ মে ২০২৬
  • নয়াদিল্লি: ফ্রান্সের সঙ্গে ভারতের রাফাল জেট চুক্তির চূড়ান্ত পরিণতি শুধু সময়ের অপেক্ষা। ভারতীয় বায়ুসেনার হাতে আসবে আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান। এজন্য লেটার অব রিকোয়েস্ট (এলওআর) চূড়ান্ত হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তা ফ্রান্সের কাছে পাঠানো হবে। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে এমনটাই জানা গিয়েছে। 

    প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, ১১৪টি রাফালের মধ্যে ৯০টি ভারতে তৈরি হবে। এক্ষেত্রে ফ্রান্সের এরোস্পেস কোম্পানি দাসো অ্যাভিয়েশন ও ভারতীয় সংস্থার অংশিদারিত্বে এই নির্মাণের কাজ হবে।  সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যম জানিয়েছে, ফ্রান্সের কাছ থেকে এলওআরের জবাব আসার পরই যুদ্ধবিমান সংগ্রহ সংক্রান্ত রিকোয়েস্ট ফর প্রোপোজাল (আরএফপি) জারির উদ্যোগ গ্রহণ করবে ভারত। 

    ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি) ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার জন্য রাফাল সংগ্রহের প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। এলওআর পাঠানোর পর ফ্রান্স দাম, জোগান ও লজিস্টিক সহায়তা সংক্রান্ত বিস্তারিত জানাবে। এরপরই দুই দেশের আলোচনা শুরু হবে।  চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের আগে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন প্রয়োজন। 
  • Link to this news (বর্তমান)