• এইমস: জেলায় জেলায় কমিটি
    বর্তমান | ২৬ মে ২০২৬
  • সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: উত্তরবঙ্গের জেলায় জেলায় এবার এইমস তৈরির জন্য কমিটি, ফোরাম গঠন হতে শুরু করেছে। জলপাইগুড়ির দোমোহনিতে এইমস তৈরির দাবি যেমন উঠেছে, তেমনই কোচবিহারের ঘোকসাডাঙায় এইমস হোক, এই দাবিতে রীতিমতো ফোরাম গঠন করা হয়েছে। তারা নিজেদের এলাকায় থাকা বিপুল পরিমাণ জমিতে এইমস গঠনের জন্য শীঘ্রই কোচবিহার জেলা প্রশাসনের দ্বারস্থ হবে। পাশাপাশি, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এইমস স্থাপনের দাবিতে রবিবার একটি সংগঠন বৈঠক করে। সেখানে সমস্ত নাগরিককে আহ্বান জানানো হয়েছিল। সোমবারও ওই ফোরাম বৈঠক করে। 

    রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর উত্তরবঙ্গে এইমস করা হবে বলে ঘোষণা করেছে। আর তারপরেই জেলায় জেলায় এই অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের জন্য দাবি উঠতে শুরু করেছে। সেই সঙ্গে ফোরাম ও কমিটি গঠন করা হচ্ছে। মূলত অরাজনৈতিক ভাবে এই বিষয়টিকে নিয়ে স্থানীয় মানুষ তাদের দাবিকে নীচুতলা থেকে তুলে এনে সরকারের কানে পৌঁছে দিতে চাইছে। 

    এদিকে, কোচবিহারে জেলা বিজেপির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এইমস হাসপাতাল কোচবিহারেই গড়ে তোলার দাবি তাঁরা জানাবেন। গত শুক্রবার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছিলেন, কোচবিহারের মাথাভাঙায় এইমস স্থাপনের চেষ্টা করবেন তিনি। ঘোকসাডাঙায় যে জায়গায় এইমস স্থাপনের জন্য স্থানীয় স্তরে দাবি উঠতে শুরু করেছে সেটিও নিশীথবাবুর মাথাভাঙা বিধানসভার মধ্যে। ফলে বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও সিপিএম এই বিষয়ে তির্যক মন্তব্য করতে ছাড়েনি। তাদের দাবি, ওই এলাকায় জমি আছে বটে, তবে এসব স্রেফ কথার ফুলঝুরি চলছে। 

    ঘোকসাডাঙা এইমস ডিমান্ড ফোরামের সম্পাদক স্বপনকুমার রায় বলেন, তিন দশক আগে জাতীয় সড়ক নির্মাণের জন্য ঘোকসাডাঙায় ৮৫ বিঘা জমি কেন্দ্র নিয়েছিল। সেটা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। আশেপাশে আরও পতিত ও আবাদি জমি রয়েছে। তার দামও কম। কেন্দ্রের হাতে থাকা জমি ঠিক কোন দপ্তরের অধীনে রয়েছে, তা জানতে আমরা কোচবিহারে যাব। আমরা চাই এইমস এখানেই হোক। 

    রায়গঞ্জ এইমস ডিমান্ড ফোরামের পক্ষে সপ্রতিভ চক্রবর্তী বলেন, রায়গঞ্জে এইমস স্থাপনের দাবিতে গত রবিবার আমরা বৈঠক করেছি। সোমবার সর্বস্তরের মানুষকে আহ্বান জানানো হয়েছিল। 

    সেখান থেকেই কর্মসূচি ও দাবির স্বপক্ষে আলোচনা হয়েছে। আমাদের পথ চলা শুরু হল। 

    বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মনের কথায়, কোনো কমিটি বা ফোরামের কথা জানা নেই। আমাদের সংকল্পপত্রে উত্তরবঙ্গে এইমস স্থাপনের কথা বলা হয়েছিল। আমরা চেষ্টা করব কোচবিহারে এইমস স্থাপন করার। অন্যদিকে, কোচবিহারের বিশিষ্ট পরিবেশ কর্মী অরূপ গুহ বলেন, উত্তরবঙ্গে এইমস স্থাপন যেখানেই হোক না কেন সকলের যাতায়াতের ক্ষেত্রে যাতে সুবিধা হয় তেমন জায়গাতেই তা হওয়া প্রয়োজন। 

    এদিকে, সিপিএমের কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় বলেন, উত্তরবঙ্গে এইমস স্থাপন হোক এটা আমরাও চাই। কিন্তু এসব তো কথার ফুলঝুরি চলছে বলে মনে হয়! ঘোকসাডাঙায় একটা জমি আছে বলে শুনেছি। তবে সেটা ৮৫ বিঘা কি না বা কি কারণে নেওয়া হয়েছিল তা জানা নেই। 
  • Link to this news (বর্তমান)