• রায়গঞ্জেই এইমস চাই, জোরাল দাবি উঠছে জেলার বিভিন্ন মহলে
    বর্তমান | ২৬ মে ২০২৬
  • নির্মাল্য সেনগুপ্ত, রায়গঞ্জ: এইমস রায়গঞ্জেই করতে হবে। এই দাবিতে সোচ্চার উত্তর দিনাজপুর জেলার সমস্ত রাজনৈতিক দল। ডান-বাম সবপক্ষের একটাই দাবি, রায়গঞ্জই উপযুক্ত জায়গা। এখানে অনায়াসে এইমস নির্মাণ করা যায়। যেখানে এর আগে কংগ্রেস সরকারও এইমস তৈরির ব্যাপারে উদ্যোগ নিয়েছিল। জেলাবাসীর আশা, নতুন এইমস রায়গঞ্জেই করা হোক। এব্যাপারে কংগ্রেস, সিপিএম, তৃণমূল সবারই একই মত। এমনকী বাণিজ্যিক সংগঠন, বিশিষ্ট চিকিৎসক, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও রায়গঞ্জে এইমস তৈরির ব্যাপারে সহমত পোষণ করেছেন। এই দাবিতে সংশ্লিষ্ট দপ্তরকে স্মারকলিপি দেওয়ার ব্যাপারেও প্রস্তুতি শুরু হয়েছে রায়গঞ্জে। সমাজমাধ্যমেও জেলাবাসী নিজেদের মত প্রকাশ করছেন। 

    জেলার বিজেপি নেতাদের বক্তব্য, রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকেই রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বারবার রায়গঞ্জে এইমসের পক্ষে দাবি জানিয়েছেন। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকেও তিনি রায়গঞ্জের দাবির ব্যাপারে অবগত করেছেন। বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, আমি নিজেই একসময় রায়গঞ্জ তথা জেলায় এইমস করার দাবি নিয়ে অনশন  করেছিলাম। আমিও জেলায় এইমস গড়ে তোলার পক্ষে।  সমাজমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে জেলা কংগ্রেসের প্রবীণ নেতা মোহিত সেনগুপ্ত লিখেছেন, ২০০৮ সালে ইউপিএ-১ সরকারের আমলে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী রায়গঞ্জের ভূমিপুত্র প্ৰিয়রঞ্জন দাশমুন্সির তৎপরতায় রায়গঞ্জে এইমস স্থাপনের ঘোষণা হয়েছিল। পরে তা কল্যাণীতে চলে যায়। মোহিত বলেন, রায়গঞ্জের এইমস রায়গঞ্জকেই ফিরিয়ে দিতে হবে। নইলে আমরা দলমত নির্বিশেষে সকল জেলাবাসী আমৃত্যু রাস্তায় বসে থাকব। ইসলামপুরের বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, আমরাও চাই রায়গঞ্জে এইমস হোক। রায়গঞ্জের চিকিৎসক তথা স্থানীয় বণিক সংগঠনের অন্যতম সদস্য শান্তনু দাসের বক্তব্য, দেড় দশক ধরে আমরা আশায় বুক বেঁধেছি। কারণ এইমস শুধু একটা প্রতিষ্ঠান নয়। এতে গোটা জেলার সুনাম বৃদ্ধির পাশাপাশি আর্থিক উন্নতির পথ খুলবে। আমরা শীঘ্রই রায়গঞ্জের সাংসদ ও বিধায়কদের কাছে এইমস সহ একাধিক দাবি রাখব। রায়গঞ্জ এইমস ডিমান্ড ফোরামের পক্ষে সপ্রতিভ চক্রবর্তী বলেন, রায়গঞ্জে এইমস স্থাপনের দাবিতে গত রবিবার আমরা বৈঠক করেছি। সোমবার সর্বস্তরের মানুষকে আহ্বান জানানো হয়েছিল। সেখান থেকেই কর্মসূচি ও দাবির স্বপক্ষে আলোচনা হয়েছে। আমাদের পথ চলা শুরু হল। 

    রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অর্ণব সেন বলেন, ব্যক্তিগতভাবে মনে করি, রায়গঞ্জে এইমস হলে এখানকার মানুষের দীর্ঘদিনের অধরা স্বপ্ন পূরণ হবে। সিপিএমের জেলা সম্পাদক আনোয়ারুল হকও বলেন, আমরা বরাবর রায়গঞ্জে এইমস করার পক্ষে সওয়াল করে এসেছি। এখনো চাই। পানিশালায় যেখানে এইমসের জন্য জমি দেখা হয়েছিল, সেখানেই করা হোক। এই দাবিতে সেখানে পথসভা করেছি।

     পানিশালায় এখানেই এইমস এর জন্য জমি চিহ্নিত করা হয়েছিল।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)