• বীরভূমে তৃণমূল সমর্থককে কুপিয়ে খুন! ব্যক্তিগত কারণ না রাজনৈতিক? বাড়ছে রহস্য
    বর্তমান | ২৬ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক তৃণমূল সমর্থককে এলোপাথাড়ি কুপিয়ে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে সাঁইথিয়া থানার তেকড্ডা মোড়ের অদূরে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম কাজল শেখ। তিনি সাঁইথিয়া থানার কুরুমশাহ গ্রামের বাসিন্দা ছিলেন। তেকড্ডা মোড়ে তাঁর একটি মোটরসাইকেলের গ্যারেজ রয়েছে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন কাজল। সেই সময় তেকড্ডা মোড়ের অদূরে একটি কালভার্টের কাছে একদল দুষ্কৃতী তাঁর পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগেই কাজলকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে তারা। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। সাঁইথিয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে। দ্রুত তাঁকে বোলপুরের সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    মৃত যুবক এলাকায় তৃণমূল কংগ্রেসের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। তবে এই হত্যাকাণ্ডের পিছনে নিশ্চিতভাবে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না, তা নিয়ে এখনই স্পষ্ট কিছু জানা যায়নি। সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত সাধু এই প্রসঙ্গে জানান, 'রাজনৈতিক কারণে খুন নাকি অন্য কোনও ব্যক্তিগত বা ব্যবসায়িক শত্রুতার জেরে এই ঘটনা, তা পুলিশ খতিয়ে দেখুক।' ঘটনার তদন্ত শুরু করেছে সাঁইথিয়া থানার পুলিশ। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
  • Link to this news (বর্তমান)