বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: ই-কেওয়াইসি। আধার সংযুক্তিকরণ (সিডিং)। এই জাঁতাকলেই এবার বন্ধ হয়ে গেল রান্নার গ্যাসের ভরতুকি। সাধারণ গ্রাহক থেকে উজ্জ্বলা, যাঁদের সংযুক্তিকরণ হয়নি, গ্যাসের ভরতুকির পথ তাঁদের থমকে গেল। ডিস্ট্রিবিউটরদের হোয়াটসঅ্যাপ মারফত এই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। অথচ, দিনকয়েক আগেই ডিস্ট্রিবিউটরদের বৈঠকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা জানিয়েছিল, আগামী ৩০ জুন পর্যন্ত ই-কেওয়াইসি বা আধার সংযুক্তিকরণ করতে পারবেন গ্রাহকরা। সেক্ষেত্রে ওই সময়সীমার মধ্যে সংযুক্তিকরণ না হলে জুলাই মাসেই ভরতুকি বন্ধ করে দেওয়ার নির্দেশ ছিল। আরও জানানো হয়েছিল, যে গ্রাহকরা ‘পহল’ যোজনায় ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের (ডিবিটি) মাধ্যমে এখনও ভরতুকি পাচ্ছেন, আধার যাচাই না করলে তাঁদের সেই সুবিধাও বন্ধ হয়ে যাবে। কিন্তু ৩০ জুনের মধ্যে ই-কেওয়াইসি সম্পূর্ণ হয়ে গেলে আটকে থাকা ভরতুকি পেয়ে যাবেন গ্রাহক। এবারের নতুন নির্দেশে সেই সুবিধাও আর থাকল না। অর্থাৎ, যাঁদের ই-কেওয়াইসি করা নেই, সেই গ্রাহকদের সিলিন্ডার পিছু ভরতুকি বন্ধ হয়ে গিয়েছে। ভবিষ্যতে সংযুক্তিকরণ করে নিলেও বাদ চলে যাওয়া ভরতুকির টাকা তাঁরা আর ফেরত পাবেন না।
উদাহরণ স্বরূপ, কলকাতার যে গ্রাহক এতদিন আধার সংযুক্তি না করেই ১৯ টাকা ভরতুকি পেয়ে এসেছেন, তিনি যদি ৩০ জুনের মধ্যে কোনো সিলিন্ডার ডেলিভারি পান, সেই বাবদ ওই ভরতুকির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। সংযুক্তি হয়ে যাওয়ার পর আবার টাকা মিলবে। সবচেয়ে বড়ো কথা, ৩০ জুনের মধ্যে আধার সংযুক্তি না হলে পাওনা ভরতুকি পুরোটাই তামাদি হয়ে যাবে। ডিস্ট্রিবিউটররা যাতে গ্রাহকদের এই ব্যাপারে সচেতন করার উদ্যোগ নেন, তার ব্যবস্থা করতে বলা হয়েছে। তবে জানানো হয়েছে, রান্নার গ্যাসের ই-কেওয়াইসি না থাকলেও সিলিন্ডারের বুকিং বা ডেলিভারি পেতে আপাতত কোনো সমস্যা হবে না। কিন্তু ভর্তুকি অধরা থাকবে।
চলতি অর্থবর্ষ থেকেই উজ্জ্বলা যোজনার গ্যাসের ক্ষেত্রে ৩০০ টাকা ভরতুকি পেতে আধার সংযুক্তি বাধ্যতামূলক হয়ে গিয়েছে। এবার সাধারণ গ্রাহকদের জন্যও সেই নিয়ম কার্যকর হতে চলেছে। ডিস্ট্রিবিউটর সূত্রে খবর, দীর্ঘ সময় ধরে আধার সংযুক্তিকরণের কথা বলা হলেও, এ পর্যন্ত সাধারণ গ্রাহকদের মধ্যে সচেতনতার অভাব থেকে গিয়েছে। সংযুক্তিকরণের হার প্রায় ৫০ শতাংশ। ডিস্ট্রিবিউটরদের কথায়, সরকার চাইছে ভুয়ো গ্রাহক সরিয়ে বাস্তব গ্রাহকদেরই ভরতুকির টাকা দিতে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, গ্রাহকের মৃত্যুর পরও তাঁর নামে নেওয়া গ্যাস ব্যবহৃত হচ্ছে। নামের বদল করা হয়নি। এই নামগুলি বাদ দিতে চায় কেন্দ্র। একমাত্র ই-কেওয়াইসি বাধ্যতামূলক করেই তা সম্ভব, বলছেন তাঁরা। সেক্ষেত্রে সঠিক অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। তা সে নামমাত্র ১৯ টাকা হলেও।