• সিএএ ভেরিফিকেশন সেন্টারে অতিরিক্ত কাউন্টার খোলার নির্দেশ মন্ত্রী অশোকের
    বর্তমান | ২৬ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত পোস্টঅফিসে সিএএ ভেরিফিকেশন সেন্টার পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী ও মতুয়া নেতা অশোক কীর্তনিয়া। সেখানে মানুষের ভোগান্তি নিজের চোখে দেখতে পান তিনি।

    তারপর ডাকবিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন। এবং অতিরিক্ত কাউন্টার খুলে ভেরিফিকেশন দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। মন্ত্রীর পদক্ষেপে খুশি মতুয়া সম্প্রদায়ের মানুষ। 

    উপযুক্ত নথি না থাকায় উত্তর ২৪ পরগনার কয়েক লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। তাঁরা এবার নির্বাচনে ভোট দিতে পারেননি। বাদ পড়া ভোটারদের রক্ষাকবচ হিসেবে সিএএ’তে আবেদনের কথা জানিয়েছেন রাজ্যের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারণ সিএএ’র মাধ্যমে এদেশের নাগরিকত্ব পেয়ে গেলে ভোটার তালিকায় নাম তোলায় কোনও সমস্যা থাকবে না। তাই হাজার হাজার মানুষ সিএএ’র মাধ্যমে নাগরিকত্ব পেতে আবেদন জানিয়েছেন।

    জেলা সদর বারাসতের মুখ্য ডাকঘরে চালু হয়েছে সিএএ ভেরিফিকেশন সেন্টার। সোমবার সকালে হিয়ারিং’এ উপস্থিত থাকতে মানুষের লাইন পড়ে। কিন্তু দু’টি মাত্র কাউন্টার খোলা হয়েছিল। যে পরিমাণ মানুষ এসেছিলেন তাতে দু’টি কাউন্টারের মাধ্যমে ভেরিফিকেশন হওয়ায় সমস্যা হচ্ছিল। অনেক দেরি হচ্ছিল। তা নিয়ে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। এদিন দুপুরে মুখ্য ডাকঘরে সিএএ ভেরিফিকেশন সেন্টার পরিদর্শনে আসেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। ওই সময় খাদ্যমন্ত্রীকে কাছে পেয়ে সিএএ ভেরিফিকেশন সংক্রান্ত পরিষেবা নিয়ে পোস্টঅফিসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় মানুষ। এরপর মন্ত্রী পোস্টমাস্টারের সঙ্গে কথা বলে অতিরিক্ত আরও দু’টি কাউন্টার খোলার নির্দেশ দেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।

    অশোকবাবু বলেন, ‘সিএএ’র ভেরিফিকেশন ও অন্নপূর্ণা প্রকল্পের জন্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করানোর ভিড় হয়েছে। ফলে পরিষেবা দিতে ডাক বিভাগেরও সমস্যা হয়েছে। কিন্তু মানুষের পরিষেবা সঠিকভাবে দিতে হবে। সেজন্য মানুষ বিজেপি সরকারকে ক্ষমতায় এনেছে। অতিরিক্ত কাউন্টার খোলার কথা বলেছি। ভেরিফিকেশন সঠিকভাবেই করতে হবে।
  • Link to this news (বর্তমান)