• সল্টলেক সেক্টর ফাইভ: কর্মক্ষেত্রে হয়রানি রুখতে নারী সুরক্ষায় বিশেষ জোর পুলিশের
    বর্তমান | ২৬ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগ উঠেছে একাধিকবার। বছরখানেক আগে সেক্টর ফাইভে অফিসের সিনিয়র কর্মীর হাতে এক তরুণী আইটি কর্মী শ্লীলতাহানির শিকার হয়েছিলেন। একটি আইটি অফিসে নাইট ডিউটিতে হেনস্তার শিকার হয়েছিলেন এক মহিলা হাউসকিপার। সেক্টর ফাইভের অফিসপাড়ায় কাজ করেন কয়েক হাজার মানুষ। মহিলার সংখ্যা প্রায় অর্ধেকের কাছাকাছি। তাই কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষায় বিশেষ পদক্ষেপ নিল বিধাননগর কমিশনারেট। সেক্টর ফাইভের ১৫০ জন মহিলা কর্মীকে নিয়ে রবিবার সমন্বয় বৈঠক করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা। অফিস ছাড়াও রাস্তায় কেউ যদি নির্যাতনের সম্মুখীন হন, কিংবা অন্য কাউকে সম্মুখীন হতে দেখেন, তাহলে যেন সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। পুলিশ অফিসাররা নিজেদের মোবাইল নম্বর এবং ই-মেল আইডি শেয়ার করেছেন তাঁদের।

    সেক্টর ফাইভে একাধিক আইটি কেন্দ্র ছাড়াও সেখানে রয়েছে বহু সরকারি ও বেসরকারি অফিস। রয়েছে হোটেল ও রেস্তরাঁও। এ রাজ্য সহ ভিন রাজ্যের হাজার হাজার ছেলেমেয়ে কাজ করেন এখানে। নাইটে শিফটেও কাজ চলে। এক বছর আগে নারী সুরক্ষার উপর গুরুত্ব দিয়ে সেক্টর ফাইভের জন্য পুলিশের পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছিল। এবার সেই উদ্যোগকে আরও গুরুত্ব দিতে সমন্বয় শুরু করল পুলিশ। কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, কেউ ‘কু-নজর’ দিচ্ছে কি না, দূর থেকে কেউ অঙ্গভঙ্গি করছে কি না, এই ধরনের নানা বিষয় মহিলা কর্মীদের জানানো হয়েছে। তাঁদের বলা হয়েছে, যৌন সংক্রান্ত অত্যাচার ছাড়াও, সম্মান বিষয়ক এবং শারীরিকভাবে হেনস্তা হলেই তাঁরা যেন পুলিশকে জানান। কোনো মহিলাকে চোখের সামনে নির্যাতিত হতে দেখলেও পুলিসকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে তাঁর পরিচয় গোপন রাখা হবে। এক অফিসার বলেন, পরবর্তী সময়ে আরও সমন্বয় বৈঠক করা হবে। কর্মরত মহিলাদের বলা হয়েছে, আপনাদের কিছু পরামর্শ থাকলে তাঁরা নির্ভয়ে তা পুলিশকে জানাতে পারেন।
  • Link to this news (বর্তমান)