কীভাবে হবে সাইবার অপরাধের মোকাবিলা, জরুরি বৈঠকে নগরপাল
বর্তমান | ২৬ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাইবার অপরাধের কীভাবে মোকাবিলা করা যায়, তাই নিয়ে সোমবার কলকাতা পুলিশের সমস্ত ডিভিশনের ডিসি সহ লালবাজারের কর্তাদের নিয়ে বৈঠক করলেন নগরপাল অজয় নন্দা। একইসঙ্গে সাইবার অপরাধ মোকাবিলায় সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির উপরও জোর দেন তিনি। এদিনের বৈঠকে অন্য অপরাধের মোকাবিলায় পুলিশ সক্রিয় হওয়ার পাশাপাশি, যে কোনও কেস দ্রুত কিনারা করার উপর জোর দেন তিনি।
ভোট পর্বে সাইবার অপরাধ নিয়ে সচেতনামূলক প্রচার করতে পারেনি লালবাজার। সাইবার জালিয়াতি নিয়ে অভিযোগ এলেও, নির্বাচনের কারণে সেগুলি নিয়ে বাড়তি গুরুত্ব দিতে পারেননি অফিসাররা। কোন গ্যাং এই কাজ করল, তা নিয়ে খুঁটিনাটি তথ্য জোগাড় করে উঠে পারেননি তাঁরা। ভোটপর্ব মিটে যেতেই সাইবার অপরাধ মোকাবিলায় বিশেষ জোর দেওয়া শুরু করল কলকাতা পুলিশ। এই নিয়ে বিশেষ পরিকল্পনাও তৈরি হচ্ছে। যাতে সাইবার প্রতারণার দ্রুত কিনারা করা যায়। সেই সঙ্গে আন্তরাজ্য বা আন্তর্জাতিক সাইবার গ্যাংয়ের সদস্যদের যাতে ধরা সম্ভব হয় তার উপর জোর দেওয়া হয়েছে। এজন্য বিভিন্ন রাজ্যের সঙ্গে সম্বন্বয় বাড়ানোর উপর জোর দেওয়ার কথা বলেছেন কমিশনার। কলকাতায় বসে সাইবার প্রতারণার শিকার হওয়া ব্যক্তির কাছে ফোন ভিন রাজ্য থেকে আসছে বলে তদন্তে উঠে এসেছে। আবার অনেক সময় সাইবার প্রতারকদের অ্যাকাউন্ট খোলা হয়েছে এই রাজ্যে। তাই সাইবার জালিয়াতি আটকাতে গ্যাং ধরার সঙ্গে মিউল অ্যাকাউন্ট খোঁজার উপর জোর দিতে বলা হয়েছে বৈঠকে।
এনসিআরপি পোর্টালে আসা অভিযোগের তদন্ত দ্রুত শুরু করতে জোর দিয়েছে লালবাজার। এমনকি সাইবার জালিয়াতির অভিযোগ হলে তা এনসিআরপি পোর্টালে অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশ এসেছে। যাতে দ্রুত অপরাধের কিনারা করা সম্ভব হয়। এর সঙ্গে ডাকাতি, খুন, তোলাবাজি সহ ট্র্যাডিশনাল ক্রাইমের কিনারা দ্রুত করার কথা বলা হয়েছে।