বর্তমান-এর খবরের জের, ফুলবাজারে ভুয়ো কুপন ছাপিয়ে টাকা তোলা বন্ধ
বর্তমান | ২৬ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার মল্লিকঘাট ফুলবাজারে বেআইনিভাবে কুপন ছাপিয়ে টাকা তোলার অভিযোগ উঠেছিল। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছিলেন ফুলচাষি ও ব্যবসায়ীরা। সমিতি বিষয়টি বিভিন্ন মহলে জানায়। তারপরও প্রতিদিন ২০ টাকা করে নেওয়া হচ্ছিল। ১৯ মে সেই প্রতিবেদন ‘বর্তমান’ সংবাদপত্রে গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়। তারপর ব্যাপক শোরগোল পড়ে। বিষয়টি প্রশাসনের নজরেও আনা হয়। এবার টাকা তোলা বন্ধ হয়েছে বলে জানা গিয়েছে।
সারা বাংলা ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক সোমবার বলেন, ‘বেআইনি টাকা তোলা বন্ধ হওয়ায় আমরা খুশি। গরিব ফুলচাষিদের থেকে জোর করে ওই টাকা তোলা চলত। আমরা বিষয়টি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানিয়েছিল ই মেল মারফত। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ করেছিলাম।’ অন্যদিকে ফুলবাজারের সামগ্রিক উন্নয়ন ও নিয়মিত পরিষ্কার রাখা সহ সমস্তরকম পরিষেবা যাতে মেলে তার দাবিতে সোমবার স্মারকলিপি দেওয়া হয়েছে উদ্যানপালন দপ্তরের কাছে। সমিতির এক কর্তা জানান, বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও জানানো হয়েছে। আমরা আশা করছি, সরকার সবরকম সহযোগিতা করবে। ফুলবাজারে সমস্তরকম দালালরাজ বন্ধ হোক।