• তোলাবাজি, হামলায় অভিযুক্ত, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭ তৃণমূল নেতা
    এই সময় | ২৬ মে ২০২৬
  • এই সময়: তিন জেলায় মারধর, তোলাবাজি ও হামলার ঘটনায় ছয় তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়িতে বিজেপির এক নেত্রীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দুলাল দেকে। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা রুজু করেছে পুলিশ। জানা গিয়েছে, জেলার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ির হরিবাড়ি এলাকায় দুলালের মেয়ের কাস্টমার সার্ভিস পয়েন্ট (সিএসপি) রয়েছে। রবিবার রাতে সেটি বন্ধ ছিল। সেই সময়ে দুলাল ও তাঁর মেয়েকে দেখতে পেয়ে ডিবিটি লিঙ্ক সংক্রান্ত বিষয়ে জানতে চান স্থানীয় বিজেপি নেত্রী লক্ষ্মী বিশ্বাস। অভিযোগ, কথা কাটাকাটির জেরে লক্ষ্মীকে মারধর করা হয়। তাঁর চোখে আঘাত লাগে।

    প্রথমে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতাল, পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়। অভিযোগ দায়ের হলে পুলিশ দুলালকে গ্রেপ্তার করে। তাঁর বক্তব্য, 'ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।' বিজেপির জেলা সভাপতি মিঠু দাস বলেন, 'যেমন কর্ম, তেমন ফল।'

    তোলাবাজির অভিযোগে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি পুলিশের জালে এক তৃণমূল নেতা ও তাঁর সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত মহম্মদ আবদুল্লা ময়নাগুড়ি-২ সাংগাঠিক ব্লকের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক। বিভিন্ন মামলায় অভিযুক্তদের জামিন করে দেওয়া ছাড়াও মামলা হাল্কা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দু'জনে তোলাবাজি করতেন বলে অভিযোগ।

    বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় কোচবিহার-২ পঞ্চায়েত সমিতির তৃণমূল কর্মাধ্যক্ষ সুব্রত আচার্য-সহ আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাঁদের কোচবিহার আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজত দিয়েছেন। গত বছর ৫ অগস্ট কোচবিহারের খাগড়াবাড়ি চৌপথিতে শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনায় পুন্ডিবাড়ি থানায় ৪১ জনের নামে অভিযোগ দায়ের হয়। এর মধ্যে দু'জনকে ধরা হয়েছে। এ দিন রাতে কোচবিহারের ঘোকসাডাঙা থেকে জেলা যুব তৃণমূল সভাপতি স্বপন বর্মনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ২০২১-এর পরে ভোট পরবর্তী হিংসায় মদত দেওয়ার অভিযোগে রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সমিজুদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে ভোরের আলো থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সোমবার আদালতে জামিন হয়েছে তাঁর।

    অন্যদিকে, এনবিএসটিসি-তে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কন্ডাক্টর, আইএনটিটিইউসি-র নেতা ফারজুল আলির বিরুদ্ধে। অভিযোগকারী অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, 'ফারজুল বালুরঘাট ডিপোতে কাজ করার সময়ে অস্থায়ী পদে চাকরি করিয়ে দেবেন বলে ৬ লক্ষ টাকা নিয়েছিলেন। পরে মালদা ডিপোয় বদলি হয়ে যাওয়ায় বুঝতে পারি, চাকরি আর হবে না।' নিগমের এমডি দীপঙ্কর পিপলাই বলেন, 'পুলিশের তদন্তে সহযোগিতা করব।'

  • Link to this news (এই সময়)