• নরেন্দ্রপুরের কালি কারখানায় বিধ্বংসী আগুন, বাগে আনতে হিমশিম খাচ্ছে দমকলের ৬টি ইঞ্জিন
    News18 বাংলা | ২৬ মে ২০২৬
  • দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার রামচন্দ্রপুর এলাকায় মঙ্গলবার সকালে একটি কালি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, কারখানাটিতে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আচমকাই কারখানার ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

    কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা কারখানাজুড়ে। আগুনের লেলিহান শিখা এবং ঘন কালো ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অনেকেই নিরাপত্তার কথা ভেবে এলাকা থেকে দূরে সরে যান। আশপাশে বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কারখানায় কালি তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন দাহ্য রাসায়নিক পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশের দাবি, আগুন লাগার পর বিস্ফোরণের মতো শব্দও শোনা যায়। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আগুনের উৎস কী, তা এখনও স্পষ্ট নয়।

    শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে আগুন, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। প্রথমে দুটি ইঞ্জিন পৌঁছলেও আগুনের ভয়াবহতা দেখে পরে আরও ইঞ্জিন পাঠানো হয়। বর্তমানে মোট ৬ টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজে ব্যস্ত রয়েছে। দমকল কর্মীরা আগুন যাতে আশপাশের অন্য কারখানা বা বসতবাড়িতে ছড়িয়ে না পড়ে, সেদিকে বিশেষ নজর দিচ্ছেন। পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাজুড়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কৌতূহলী মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে।
  • Link to this news (News18 বাংলা)