মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে একটি লিফট আচমকা ছিঁড়ে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল। বিমানবন্দর সূত্রে খবর, রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন এই বিপত্তি ঘটে। দুর্ঘটনায় ৩ জন কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, দুপুর ১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে, ৩৪ নম্বর লিফটে। এই লিফটি রক্ষণাবেক্ষণের জন্য বেশ কয়েকদিন ধরেই বন্ধ করা ছিল বলে জানা গিয়েছে।
কলকাতা বিমানবন্দরের ডোমেস্টিক ডিপার্চারের ক্ষেত্রে বিমানে পৌঁছনোর জন্য বাস এবং এরোব্রিজ, দুই ব্যবস্থাই আছে। এরোব্রিজ দিয়ে বিমানে প্রবেশ করতে গেলে দোতলায় যেতে হয়। তার জন্য এসকেলেটর এবং লিফট— দুইই আছে। এরই ৩৪ নম্বর লিফটটি এ দিন ছিঁড়ে পড়েছে।
আহতরা তিনজনেই পুরুষ, একজনের বয়স ৫১ বছর। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বুক ও পেলভিসে আঘাত লেগেছে। পাঁজরের একাধিক হাড় ভেঙেছে। দ্বিতীয় জনেরও বয়স ৫১। তাঁর মাথায় এবং বাম পায়ের গোড়ালি আঘাত লেগেছে। খুলির একাধিক হাড় ভেঙেছে। তাঁকে নিউরোসার্জারি বিভাগের অধীনে ভর্তি করা হচ্ছে। তৃতীয় জনের বয়স ২৭ বছর, তাঁর মাথায় আঘাত লেগেছে এবং দুই পায়েরই একাধিক হাড় ভেঙেছে।