আজকাল ওয়েবডেস্ক: জল্পনা গত কয়েকদিনের। সেই জল্পনার কি অবসান আজই? তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে পৌঁছতেই, জল্পনা এই মুহূর্তে বেড়েছে কয়েকগুণ।
সূত্রের খবর, মঙ্গলবার সকালে তিনি কল্যাণীতে শুভেন্দু অধিকারীর বৈঠকে হাজির হয়েছেন। তাহলে কি আজই ফুলবদল? যদিও এই প্রশ্নের উত্তরে কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, তাঁর কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার সঙ্গে কোনও দলীয় যোগাযোগ নেই। এটি নেহাতই প্রশাসনিক কর্মসূচি। সেই কারণেই তিনি উপস্থিত হয়েছেন।
মূলত, এদিন কল্যাণীতে তিন জেলার পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তালিকায়-নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা। এই তিন জেলার পর্যালোচনায় প্রশাসনিক বৈঠক। সাংসদ হিসেবে কাকলি ঘোষ দস্তিদার উপস্থিত হয়েছেন সেই হিসেবেই, দাবি তেমনটাই।
যদিও গত কয়েকদিন ধরেই, কাকলির একাধিক পদক্ষেপ, সোশ্যাল মিডিয়া পোস্ট জল্পনা বাড়াচ্ছে। মমতা ব্যানার্জি তাঁকে লোকসভার গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দিতেই, সোশ্যাল মিডিয়ায় পুরনো দিনে পাশে থাকার স্মৃতি উসকে দিয়েছিলেন। তারপরেই, বিধানসভা নির্বাচনে জেলায় দলের খারাপ ফলের নৈতিক দায় নিজের কাঁধে নিয়ে বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে রইস্তফাও দিয়েছেন। বেশ কয়েকদিন ধরেই তাঁর এই পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছিলই, রবিবার সেই জল্পনা বাড় একয়েকগুণ। মধ্যমগ্রামে দলের জেলা কার্যালয়ে এক আকস্মিক সাংবাদিক বৈঠক ডেকে নিজের ইস্তফাপত্র প্রকাশ্যে আনেন।