প্রাক্তন ডিসি শান্তনুর ‘প্রাসাদ’ ঘিরে জোর তল্লাশি!
আজকাল | ২৬ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলায় ফের তৎপরতা বাড়াল ইডি। গত শুক্রবারের পর মঙ্গলবার সকালে আবারও কান্দি শহরের জেমো এলাকায় কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের পৈতৃক বাড়িতে হানা দিলেন ইডির আধিকারিকরা।
মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয় শান্তনুর 'প্রাসাদ' বাড়িটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিশাল এলাকা জুড়ে তৈরি এই বাড়ির সংলগ্ন রয়েছে বড় পুকুর ও বাগান। শুক্রবার ইডির আধিকারিকরা শুধুমাত্র বাড়ির ভিতরে তল্লাশি চালালেও এদিন পুকুর ও বাগানের বিভিন্ন জায়গায় বিশেষ নজরদারি চালানো হয়।
সূত্রের খবর, তদন্তকারীদের মুখোমুখি হয়ে শান্তনুবাবু দাবি করেছেন তাঁর মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছে। যদিও এই সংক্রান্ত কোনও লিখিত অভিযোগ তিনি কোথাও দায়ের করেননি। ইডি-র তদন্তকারীদের অনুমান কলকাতা পলিসিভের প্রাক্তন এই ডিসি-র মোবাইল ফোনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে আছে। সেই ফোনের সন্ধান আজ শান্তনুবাবুর কান্দির বাড়িতে চালানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকাল থেকেই গোটা চত্বর কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়। তারপর ইডির আধিকারিকরা বাড়িতে ঢুকে দীর্ঘক্ষণ তল্লাশি চালান। পাশাপাশি বাড়ি সংলগ্ন পুকুর এবং বাগান এলাকাতেও চলে অভিযান। সবমিলিয়ে কান্দিতে এই পুলিশকর্তার বাড়ির আশপাশে তৈরি হয়েছে চাপা উত্তেজনা।
গত শুক্রবার প্রথমবার শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়িতে হানা দেয় ইডি। সারাদিন ধরে চলে তল্লাশি অভিযান। এলাকাবাসীর দাবি, একসময় ছোটখাটো, আধা পরিত্যক্ত বাড়িটি গত পাঁচ বছরে রাজপ্রাসাদের চেহারা নিয়েছে। বাড়ির ভিতরে রয়েছে বেলজিয়াম কাচের ঝাড়বাতি, ইটালিয়ান মার্বেলের মেঝে সহ দামি আসবাবপত্র।
এই বাড়িতে থাকতেন শান্তনুর বোন গৌরী সিনহা বিশ্বাস। তিনি তৃণমূল কংগ্রেস পরিচালিত কান্দি পুরসভার কাউন্সিলর এবং ভাইস চেয়ারম্যান। গৌরীদেবীর বিরুদ্ধে কান্দি পুরসভায় আর্থিক তছরুপ এবং টাকা নিয়ে পুলিশ অফিসারদের বদলির মতো গুরুতর অভিযোগ রয়েছে।
স্থানীয়দের মতে, সপ্তাহখানেক আগে থেকেই বাড়িটি তালাবন্ধ ছিল। শুক্রবার ইডির আধিকারিকরা দীর্ঘক্ষণ দরজার সামনে অপেক্ষার পর তালা ভেঙে ভিতরে ঢোকেন। সেদিন তল্লাশিতে কিছু পাওয়া গেছে কিনা, ইডির তরফে তা জানানো হয়নি।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস আগেই গ্রেপ্তার হয়েছেন। কলকাতা, নিউটাউন সহ একাধিক জায়গায় তাঁর নামে বেআইনি বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে আগেই তাঁকে পদ থেকে সরান কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ।
স্থানীয়দের ধারণা, শুধু বাড়ি নয়, বাগান ও পুকুরেও তল্লাশির পিছনে নির্দিষ্ট কারণ রয়েছে। এর আগে বড়ঞাঁর প্রাক্তন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই তল্লাশির সময় তিনি মোবাইল পুকুরে ফেলে দিয়েছিলেন বলে অভিযোগ। তাই এবার গ্রেপ্তার হওয়া প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ির পাশাপাশি সংলগ্ন পুকুর ও বাগানেও খুঁটিয়ে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। তদন্তকারীদের অনুমান, গুরুত্বপূর্ণ নথি বা ডিজিটাল প্রমাণ লোপাটের চেষ্টা হয়ে থাকতে পারে। সেই সূত্র ধরেই চলছে এই বাড়তি তল্লাশি।