• বন্ধ 'সরাসরি মুখ্যমন্ত্রী', চালু অন্য প্রকল্প, ঘোষণা
    আজকাল | ২৬ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: 'দিদিকে বল' থেকে 'সরাসরি মুখ্যমন্ত্রী', এ বার তা বদল হয়ে হল 'আপনার সরকারকে বলুন' প্রকল্প। মঙ্গলবার কল্যাণীর প্রশাসনিক বৈঠকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন একাধিক প্রকল্পের মধ্যে এই প্রকল্পের কথাও ঘোষণা করা হয়েছে।

    এ দিন প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'আপনার সরকারকে বলুন' প্রকল্প চালু হবে শীঘ্রই। এই প্রকল্পের জন্য হেল্পলাইন নম্বরের বিষয়েও আর কিছুদিনের মধ্যেই সরকারি তরফে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যে এখন থেকে আইনের শাসন চলবে। শাসনের আইন নয়। জনকল্যাণই আমাদের লক্ষ্য। সেই উদ্দেশ্যেই এই সমস্ত প্রকল্প চালুর ঘোষণা।"

    উল্লেখ্য, ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই 'দিদিকে বল' প্রকল্প চালু করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। ২০২৩ সালে সেই প্রকল্পের নামই পরিবর্তন করে 'সরাসরি মুখ্যমন্ত্রী' প্রকল্প করা হয়। যেখানে সাধারণ মানুষের সমস্যার কথা সরাসরি জানানোর ব্যবস্থা করা হয়। সরকারের দেওয়া হেল্পলাইন নম্বরে ফোন করে অভাব অভিযোগের কথা জানাতে পারেন রাজ্যের মানুষ। ফোন করলে সেখানে প্রথমে মুখ্যমন্ত্রীর কণ্ঠে বার্তা শোনা যায়। ওই বার্তার পরেই আমজনতা নিজেদের সমস্যার কথা জানাতে পারেন।

    ২০১৯ সালের লোকসভা ভোটের পর ভোটকুশলী প্রশান্ত কিশোরকে পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা হয় তৃণমূলে। ওই বছর জুলাই মাসের শেষ দিকেই নজরুল মঞ্চে 'দিদিকে বলো' কর্মসূচির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই সময়ই এই হেল্পলাইন নম্বরটি আনুষ্ঠানিক ভাবে চালু করেন মমতা। এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের একাধিক সমস্যার সমাধান করেছিল শাসকদল। তার সুফলও পাওয়া যাচ্ছিল বলে খবর।

    প্রসঙ্গত, বৃহস্পতিবার, ২৮ মে, দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর মন্ত্রিসভা নিয়েই দিল্লিতে বৈঠকের সম্ভাবনা। এর আগে বঙ্গ বিজেপির পক্ষ থেকে ৪০ জনের মন্ত্রী তালিকা পাঠানো হয়েছিল বিজেপি কেন্দ্র নেতৃত্বও প্রধানমন্ত্রী দপ্তরে। সেই তালিকা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছে যাচাইয়ের জন্য, সূত্রের খবর তেমনটাই।

    জানা গিয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্যই ফের আগামী বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গেও বাংলার মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে পারেন, সূত্রের খবর তেমনটাই।
  • Link to this news (আজকাল)