• কলকাতা বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা, আচমকা ছিঁড়ে গেল লিফট, জখম ৩
    আজ তক | ২৬ মে ২০২৬
  • কলকাতা বিমানবন্দরের ভিতরে ঘটে গেল দুর্ঘটনা। আচমকাই ছিঁড়ে গেল এয়ারপোর্টের ভিতরে থাকা একটি লিফট। দুর্ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে ৩ জন। জানা গিয়েছে, ওই ৩ জনেই এয়ারপোর্টেরই কর্মী।

    কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, এদিন দুপুর ১টা নাগাদ ৩৪ নম্বর লিফট রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। তিন জন কর্মী সেটির রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। আচমকা লিফট ছিঁড়ে পড়ায় ওই তিন জন গুরুতর আহত হন। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

    জানা গিয়েছে, লিফটি যখন ছিঁড়ে পড়ে, তখন অন্য কোনও যাত্রী ওই লিফটে ছিলেন না। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। যদি বাচ্চা বা বয়স্ক ব্যক্তিরা ওই লিফটে থাকতেন, তাহলে বড় বিপদ ঘটতে পারত বলে আশঙ্কা করছেন এয়ারপোর্টের কর্মীরা।

    কলকাতা এয়ারপোর্টের এই ঘটনায় যাত্রীসুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। এই মুহূর্তে বিমান বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে কী করে এই দুর্ঘটনা ঘটল। 

    কোথায় এই লিফট রয়েছে?

    কলকাতা বিমানবন্দরের ডোমেস্টিক ডিপার্চারের ক্ষেত্রে বিমানে পৌঁছনোর জন্য বাস এবং এরোব্রিজ, দুই ব্যবস্থাই আছে। এরোব্রিজ দিয়ে বিমানে প্রবেশ করতে গেলে দোতলায় যেতে হয়। তার জন্য এসকেলেটর এবং লিফট— দুইই আছে। এরই ৩৪ নম্বর লিফটটি এ দিন ছিঁড়ে পড়েছে।
     

     
  • Link to this news (আজ তক)