• অভিষেকের স্ত্রী রুজিরা হাইকোর্টের দ্বারস্থ, বিদেশ যাওয়ার অনুমতি চান
    আজ তক | ২৬ মে ২০২৬
  • বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলা। এর আগে এক নির্দেশে আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা জারি করেছিল হাইকোর্ট। এবার নতুন করে হাইকোর্টে আবেদন করলেন তিনি। আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর।

    শুক্রবার এই বিষয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি পার্থসারথি সেনের দৃষ্টি আকর্ষণ করা হয়। আদালত মামলাটি গ্রহণের অনুমতি দিয়েছে।
    এর আগে ২ মে বিচারপতি কৃষ্ণ রাও রুজিরাকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিলেন। কিন্তু পরে হাই কোর্টের অন্য একটি বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়, আদালতের অনুমতি ছাড়া তিনি বিদেশ যেতে পারবেন না। সেই কারণেই নতুন করে আদালতের দ্বারস্থ হন অভিষেক-পত্নী।

    আদালত সূত্রে খবর, রুজিরার আবেদনের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যোগের সম্ভাবনাও জড়িয়ে থাকতে পারে। যদিও এ দিন আদালতে অভিষেকের আইনজীবী সরাসরি এ বিষয়ে কিছু জানাননি। তবে রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই গোটা বিষয়টি নিয়ে জল্পনা তুঙ্গে।  

    উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেককে ২৯ জুলাই পর্যন্ত অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছিল আদালত। সেই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর বিদেশযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেন। 

    এহেন পরিস্থিতিতে রুজিরার বিদেশযাত্রার আবেদন নিয়ে নতুন করে রাজনৈতিক ও আইনি জল্পনা তৈরি করেছে। আগামী শুক্রবারের শুনানিতে আদালত কী নির্দেশ দেয়, সে দিকেই নজর রাজনৈতিক মহলের।
    প্রসঙ্গত, ২৫ মে হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ৪ জন পুলিশ আধিকারিককে প্রবেশ করতে দেখা যায়। বিকেল পৌনে চারটে নাগাদ একটি কালো গাড়িতে তাঁরা আসেন। সূত্রের খবর, সম্ভবত তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপডেটেড সিকিউরিটি প্রোটোকলের বিষয়ে তদারকি করতে এসেছিলেন। সিসিটিভি-র বিষয়ে তাঁদের আলোচনা করতে দেখা যায়। এরপর এক আধিকারিককে একটি মনিটর নিয়ে বেরিয়ে আসতেও দেখা যায়। তবে ঠিক কী কারণে তাঁরা এসেছিলেন, সে বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। ফলে গোটা বিষয়টি নিয়েই এখন জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। 
  • Link to this news (আজ তক)