• নেতাজিনগর স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু
    দৈনিক স্টেটসম্যান | ২৬ মে ২০২৬
  • প্রতিদিনের মতোই স্কুলে গিয়েছিল তৃতীয় শ্রেণির ছাত্র আয়ুষ নাথ। স্কুল থেকে আনতে গিয়ে সন্তানকে প্রায় অচৈতন্য অবস্থায় দেখেন বাবা। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু টানা ১২ দিন চিকিৎসার পরেও আর বাড়ি ফেরানো গেল না আয়ুষকে। নেতাজিনগরের মহর্ষি বিদ্যা মন্দির স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যুর ঘটনায় স্কুল কর্তৃপক্ষের উপর ক্ষোভে ফেটে পড়েন স্কুলপড়ুয়াদের অভিভাবকেরা।

    অভিযোগ, অসুস্থ জেনেও ওই শিশুকে ঘণ্টার পর ঘণ্টা স্কুলে বসিয়ে রাখা হয়। বাড়িতে জানানো পর্যন্ত হয়নি। এমনকি আয়ুষের সিঁড়ি দিয়ে পড়ে যাওয়ার কথাও আড়াল করা হয়েছিল বলে দাবি অভিভাবকের। ঘটনায় ইতিমধ্যে নেতাজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

    ছাত্রের বাবার দাবি, গত ১৩ মে অন্যান্যদিনের মতোই স্কুলে থেকে আয়ুষকে আনতে যান তিনি। সেখানে গিয়ে দেখেন, ছেলে অচৈতন্য অবস্থায় রয়েছে। এরপর শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে, কোমায় চলে যায় সে। হাসপাতালেই গত রবিবার মৃত্যু হয় আয়ুষের।

    চিকিৎসকদের দাবি, মাথায় রক্তক্ষরণ হয়ে মৃত্যুই হয়েছে তার। আয়ুষের মায়ের দাবি, সন্তানের অসুস্থতার কথা কর্ণপাত করেনি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। শুধু তাই নয়, ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় গড়িয়ে পড়ে যায়। সেই সময় মাথায় গভীর চোট লাগে তার। কিন্তু স্কুলের কেউ বিষয়টি পরিবারকে জানায়নি বলে অভিযোগ আয়ুষের মায়ের। পুরো ঘটনা বন্ধুদের কাছ থেকে জানতে পারেন বলেও জানিয়েছেন তিনি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)