সরকারি কর্মীদের বেড়াতে যেতেই হবে! পর্যটনের বিকাশে নির্দেশ বিহার সরকারের
প্রতিদিন | ২৬ মে ২০২৬
বিহারে পর্যটন বিকাশে নয়া সিদ্ধান্ত নিল সম্রাট চৌধুরির সরকার। তারা জানিয়েছে, প্রতি তিন মাস অন্তর সরকারি কর্মীদের সপরিবারে বাধ্যতামূলকভাবে বেড়াতে যেতে হবে। এই সফরগুলি দুই দিন এবং দুই রাতব্যাপী হবে। সাধারণত শুক্রবার অথবা শনিবার করে এই সফরগুলি করতে হবে।
নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি সফরে কর্মীদের কমপক্ষে তিনটি পর্যটন কেন্দ্র পরিদর্শন করতে হবে এবং সেই এলাকাগুলিতে রাত্রিযাপনও করতে হবে। সফর শেষে জেলা শাসকদের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। রিপোর্টে পরিদর্শিত স্থানগুলির ছবি, বিস্তারিত তথ্য এবং ভ্রমণের ব্যক্তিগত অভিজ্ঞতা অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে স্পষ্ট করা হয়েছে, গোটা বিষয়টি সরকারি দায়িত্ব হিসাবেই গণ্য করা হবে। পাশাপাশি, এ-ও বলা হয়েছে, এই সময়কালে কোনও সরকারি আধিকারিক কোনও পর্যালোচনা বৈঠক বা পরিদর্শন-সংক্রান্ত কাজ করতে পারবেন না।
বিশেষজ্ঞদের একাংশের মতে, বিহার সরকারের এই উদ্যোগ রাজ্যের পর্যটন শিল্পকে আরও শক্তিশালী করার প্রচেষ্টা। প্রশাসনের মতে, এই পদক্ষেপের লক্ষ্য শুধু রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির প্রচার নয়, বরং সরকারি আধিকারিকদেরও স্থানীয় সংস্কৃতি, মানুষ এবং পর্যটন ব্যবস্থার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা। রাজ্য সরকার মনে করছে, আধিকারিকরা যদি নিয়মিত বিভিন্ন পর্যটনস্থল ঘুরে দেখেন, তাহলে তাঁরা স্থানীয় সমস্যাগুলি আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং পর্যটন উন্নয়নে কার্যকর ভূমিকা নিতে পারবেন। একইসঙ্গে এই উদ্যোগ স্থানীয় ব্যবসা, হোটেল ও পরিবহণ ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রশাসনের।