• মমতা জমানার ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ বন্ধ, এবার শুরু ‘আপনার সরকারকে বলুন’, বড় ঘোষণা শুভেন্দুর
    প্রতিদিন | ২৬ মে ২০২৬
  • তৃণমূল জমানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ কর্মসূচি। এবার সেই কর্মসূচি বন্ধ হল। এবার নতুন নাম হল ‘আপনার সরকারকে বলুন’। নদিয়ার প্রশাসনিক বৈঠক শেষে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুরনো ফোন নম্বর আর থাকবে না। নতুন ফোন নম্বরও দেওয়া হবে। সেই কথাও এদিন জানানো হয়েছে।

    তৃণমূল জমানায় রাজ্য সরকারের তরফে ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ কর্মসূচি চালু হয়েছিল। সেই সময়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষ তাঁদের অভাব-অভিযোগ, দাবি-দাওয়া জানাতেই এই কাজ শুরু হয়েছিল বলে খবর। মানুষজন তাঁদের অভাব-অভিযোগ সেসময় জানাতেও শুরু করেছিলেন। তৃণমূলের তরফে ‘দিদিকে বলো’ কর্মসূচিও নেওয়া হয়েছিল সেসময়। ফোন নম্বরও দেওয়া হয়েছিল। অভিযোগ উঠেছিল, তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অফিসের ফোন নম্বর দেওয়া হয়েছিল। মানুষের বক্তব্য ওই ভোটকুশলী সংস্থার কাছেই যেত দুটি ক্ষেত্রেও! পরবর্তীকালে সেইসব ফোন নম্বরে কল করেও পাওয়া যেত না বলে অভিযোগ। 

    রাজ্যের পালাবদলে বিজেপি ক্ষমতায় এসেছে। তৃণমূলী জমানার সরকারি কার্যক্রমের খোলনলচেও বদল হচ্ছে। একাধিক নতুন কার্যক্রম শুরু হচ্ছে সরকারি তরফে। এবার ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ কর্মসূচিও বন্ধ হল। আগামী সপ্তাহ থেকে নতুন নামে নতুনভাবে এক সরকারি কর্মসূচি শুরু হচ্ছে। রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে সাধারণ মানুষ যোগাযোগ করতে পারবেন, তাঁদের দাবিদাওয়া নিয়ে। নতুন এই প্রকল্পের নাম ‘আপনার সরকারকে বলুন’। এদিন কল্যাণী থেকেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামী সপ্তাহ থেকে এই কর্মসূচি চালু হবে। যোগাযোগের জন্য নতুন নম্বরও জানিয়ে দেওয়া হবে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই প্রকল্পের নাম ঠিক করার দায়িত্ব দেওয়া হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে। তিনিই এই নামকরণ করেছেন।
  • Link to this news (প্রতিদিন)