কলকাতা বিমানবন্দরে লিফট ছিঁড়ে বিপত্তি! ভয়ংকর দুর্ঘটনায় আহত ২
প্রতিদিন | ২৬ মে ২০২৬
কলকাতা বিমানবন্দরে লিফট ছিঁড়ে বিপত্তি। ভয়ংকর দুর্ঘটনায় গুরুতর আহত হলেন অন্তত ২ জন। তাঁদেরকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিমানবন্দর চত্বরে।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই বিমানবন্দরের ৩৪ নম্বর লিফটি বন্ধ ছিল। মঙ্গলবার সকাল থেকে সেখানে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। দুপুর ১টা নাগাদ আচমকা লিফটি ছিঁড়ে পড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই কর্মী। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে এই দুর্ঘটনার জেরে যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন উঠছে।
‘ডোমেস্টিক ডিপার্চারে’র ক্ষেত্রে বিমানে পৌঁছনোর জন্য কলকাতা বিমানবন্দরে বাস এবং এরোব্রিজ, দুইয়েরই ব্যবস্থা রয়েছে। এরোব্রিজ দিয়ে বিমানে প্রবেশ করতে গেলে দোতলায় আসতে হয়। তার জন্য ব্যবহার করতে হয় লিফট অথবা এসকালেটর। মঙ্গলবার সকালে ৩৪ নম্বর লিফটি ছিঁড়ে পড়ে বিপত্তি ঘটে।