• ভাল ফলনেও স্বস্তি নেই! নদিয়ায় লিচু চাষে গলার কাঁটা এইসব কারণ, চরম অস্বস্তিতে চাষিরা
    News18 বাংলা | ২৬ মে ২০২৬
  • : গরমে নষ্ট হচ্ছে লিচু, ফলন ভাল হলেও দাম না পেয়ে দুশ্চিন্তায় চাষিরা। নদিয়ার নবদ্বীপ ব্লকের মাজদিয়া পানশিলা পঞ্চায়েতের ব্রাহ্মণপুরা গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন চোখে পড়ছে লিচুর বাগান। বিঘের পর বিঘে জমিতে চাষ হওয়া এই লিচুই প্রতি বছর এলাকার বহু চাষির আয়ের প্রধান ভরসা। চলতি বছর গাছে ফলন ভাল হলেও অস্বাভাবিক গরমে সেই আনন্দ অনেকটাই মাটি হয়ে যাচ্ছে।

    চাষিদের অভিযোগ, তীব্র তাপপ্রবাহের কারণে বহু লিচু গাছেই নষ্ট হয়ে যাচ্ছে। তার উপর বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের। স্থানীয় লিচু চাষি ও বাগান লিজগ্রহীতা দেবব্রত সরকার জানান, প্রতি বছরের মতো এ বছরও তিনি কয়েক বিঘে লিচু বাগান লিজ নিয়েছেন। গত প্রায় দেড় মাস ধরে দিনরাত পরিশ্রম করতে হয়েছে তাকে এবং তার সহকর্মীদের। শুধু চাষ নয়, ফল পাকতে শুরু করার পর থেকে রাত জেগে বাগান পাহারা দেওয়ার কাজও করতে হয়েছে। কারণ লিচু পাকার সময় চুরি কিংবা পাখির উপদ্রবের আশঙ্কা থাকে বেশি। বর্তমানে বাগান থেকে পাকা লিচু পেড়ে তা বাছাই ও প্যাকিংয়ের কাজ চলছে জোরকদমে। ভাল মানের লিচুগুলি যত্ন সহকারে প্যাকেটবন্দি করে বিভিন্ন শহরে পাঠানো হচ্ছে।

    দেবব্রত সরকার জানান, এখানকার লিচুর চাহিদা রয়েছে কলকাতা, ব্যাঙ্গালোর ও মুম্বাইয়ের বাজারে। প্রতিদিনই ট্রান্সপোর্টের মাধ্যমে বাইরে পাঠানো হচ্ছে ফল।

    তবে ফলন ভাল হলেও লাভের মুখ দেখতে পাচ্ছেন না চাষিরা। তাঁদের দাবি, একদিকে গরমে অনেক ফল নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবহণ খরচ ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় খরচও বাড়ছে।

    সেই তুলনায় বাজারে লিচুর দাম আশানুরূপ নয়। ফলে এত পরিশ্রমের পরও পর্যাপ্ত লাভ না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন বহু চাষি। স্থানীয় চাষিদের মতে, প্রশাসনের পক্ষ থেকে সংরক্ষণ ব্যবস্থা ও বাজারে সঠিক মূল্য নিশ্চিত করা গেলে ভবিষ্যতে লিচু চাষ আরও লাভজনক হয়ে উঠতে পারে।
  • Link to this news (News18 বাংলা)