• গাছে আগুন, থরথর করে কেঁপে উঠল ঘরবাড়ি! বজ্রপাতের ঠেলায় ছারখার একাধিক গ্রাম
    News18 বাংলা | ২৬ মে ২০২৬
  • কালবৈশাখীর সঙ্গে বজ্রপাতের দাপটে আতঙ্ক ছড়াল পূর্ব বর্ধমান জেলার একাধিক এলাকায়। কোথাও তালগাছে আগুন, কোথাও নারকেল গাছে আগুন ধরে যাওয়া, আবার কোথাও বজ্রপাতের অভিঘাতে বাড়িতে শর্টসার্কিট হয়ে ক্ষতিগ্রস্ত হল বৈদ্যুতিন সামগ্রী। সোমবার সন্ধ্যা ও রাতের ঝড়-বৃষ্টির মধ্যে ঘটে যাওয়া একাধিক ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের শ্রীবাটী অঞ্চলের নন্দীগ্রামে বজ্রপাতের জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যার দিকে আচমকা প্রবল বজ্রপাত হয়।

    সেই বজ্রপাতের আঘাতে গ্রামের একটি উঁচু তালগাছে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন জ্বলতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে বহু মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসেন।এলাকাবাসীদের দাবি, বজ্রপাতের শব্দ ছিল অত্যন্ত তীব্র। আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে গোটা গ্রাম। এরপরই তালগাছে আগুন জ্বলতে দেখা যায়। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে, একই বজ্রপাতের অভিঘাতে নন্দীগ্রামের বাসিন্দা গোপাল বাগের মাটির দোতলা বাড়িতে শর্টসার্কিট হয়ে যায় বলে জানা গিয়েছে। পরিবারের দাবি, বজ্রপাতের পরপরই বাড়ির ভিতরে বৈদ্যুতিক লাইনে তীব্র স্পার্কিং শুরু হয়।

    এতে বাড়ির একাধিক ইলেকট্রিক সামগ্রী পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি বাড়ির দেওয়ালেও ফাটল দেখা দেয় বলে জানা গিয়েছে। গোপাল বাগ বলেন, “আমাদের অনেক ক্ষতি হয়েছে। গোটা বাড়িতে ফাটল ধরেছে, কারেন্টের তার সব পুড়ে গেছে। আমাদেরও ক্ষতি হয়ে যেত, একটুর জন্য প্রাণে বেঁচেছি।” সবচেয়ে উদ্বেগের বিষয়, ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান গোপাল বাগ ও তাঁর স্ত্রী। বজ্রপাতের সময় তারা বাড়ির মধ্যেই ছিলেন। আচমকা বিকট শব্দ ও বৈদ্যুতিক গোলযোগে আতঙ্কিত হয়ে পড়েন দু’জনেই। পরে প্রতিবেশীরা ছুটে এসে তাদের নিরাপদে বাইরে বের করে আনেন।

    তবে শুধু নন্দীগ্রামই নয়, কাটোয়া ২ ব্লকের পলসোনা অঞ্চলের আউরিয়াগ্রামেও বজ্রপাতের জেরে একটি বাড়ির নারকেল গাছে আগুন ধরে যায়। যদিও বড়সড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবুও ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এছাড়াও, কাটোয়া ১ নম্বর ব্লকের সরগ্রাম অঞ্চলের বৈঁচিগ্রামে বজ্রপাতের আগুনে ক্ষতিগ্রস্ত হয় সীতারাম বাগের বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়-বৃষ্টির মধ্যেই বজ্রপাতের পর বাড়ির একাংশে আগুন ধরে যায়। আগুনে বাড়ির কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। এক রাতের বজ্রপাতের ঘটনায় পূর্ব বর্ধমানের একাধিক গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আবহাওয়ার এই আকস্মিক রূপে ভীত সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, প্রতি বছর বর্ষার শুরুতেই বজ্রপাতের ঘটনা বাড়ছে।
  • Link to this news (News18 বাংলা)