• অনুপ্রবেশ রুখতে শাহের মেগা প্ল্যান! কী ভাবে বদলে যাচ্ছে দেশের জনবিন্যাস? খুঁজবে নয়া কমিটি
    এই সময় | ২৬ মে ২০২৬
  • সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অন্যতম বড় ইস্যু ছিল বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করা। দীর্ঘদিন ধরেই এই বিষয় নিয়ে সরব ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রের অভিযোগ ছিল, বিপুল হারে অনুপ্রবেশের ফলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ তথা দেশের Demography অর্থাৎ, জনবিন্যাস বদলে যাচ্ছে। মঙ্গলবার এই বদল রুখতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় অমিত শাহ নিজেই জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক ভারসাম্য বজায় রাখতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

    সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রকাশ প্রভাকর নাওলেকর এই কমিটির নেতৃত্বে রয়েছেন। দেশজুড়ে জনবিন্যাসগত পরিবর্তনের ব্যাপক মূল্যায়ন করবে এই কমিটি। সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ২০২৫ সালের স্বাধীনতা দিবসের দিনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ‘হাই-লেভেল কমিটি অন ডেমোগ্রাফিক চেঞ্জ’ গঠনের ঘোষণা করেছিলেন। অবশেষে এ দিন সেই কমিটি আনুষ্ঠানিক ভাবে গঠন করা হলো।

    কমিটিতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত ওই বিচারপতি ছাড়াও সদস্য হিসেবে থাকবেন ভারতের সেন্সাস কমিশনার, অবসরপ্রাপ্ত IAS অফিসার দুর্গাশঙ্কর মিশ্র, অবসরপ্রাপ্ত IPS অফিসার বালাজি শ্রীবাস্তব এবং ড. শামিকা রবি। স্বরাষ্ট্র মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি (ফরেনার্স-১) এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

    অমিত শাহ আরও জানিয়েছেন, অবৈধ অভিবাসনের ফলে দেশের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সম্প্রদায়ের জনসংখ্যার যে অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে, তার ধরন গভীর ভাবে বিশ্লেষণ করবে এই কমিটি। নির্দিষ্ট সময়ের মধ্যে এই সমস্যার একটি পরিকল্পিত সমাধান কেন্দ্রের কাছে পেশ করবে তারা। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, জনবিন্যাসের এই পরিবর্তন রোখা দেশের সার্বভৌমত্বকে রক্ষার পাশাপাশি, জাতীয় নিরাপত্তা, আইন-শৃঙ্খলা এবং উপজাতি সমাজ রক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • Link to this news (এই সময়)