আজকাল ওয়েবডেস্ক: ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের অন্তর্বর্তীকালীন সুরক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট ৷ এদিন বিচারপতি পার্থ সারথি সেনের গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চ, জাহাঙ্গিরকে বিচারপতি সৌগত ভট্টাচার্যের দেওয়া রক্ষাকবচের মেয়াদ আর নতুন করে বাড়ায়নি ৷ মামলাটি এবার রেগুলার বেঞ্চে শুনানি করা হবে।
গত ১৮ মে, বিচারপতি সৌগত ভট্টাচার্য জাহাঙ্গিরকে ২৬ মে পর্যন্ত কক্ষাকবচ দিয়েছিলেন। সেই রক্ষাকবচের মেয়াদ এদিনই শেষ হচ্ছে। ফলে তাঁর বিরুদ্ধে সাতটি এফআইআর খারিজের আবেদন জানিয়ে ডায়মন্ড হারবার এসিজেএম কোর্টেও আবেদন করেছিলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান৷ জাহাঙ্গীরের আইনজীবী কিশোর দত্ত প্রশ্ন তোলেন, "পালাবদলের পর রাজনৈতিক প্রেক্ষাপট বদলাতেই এফআইআর কেন?"
অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার পাল্টা বলেন, "যেই হাইকোর্টে রক্ষাকবচ দেওয়া হল তার পর দিনই জাহাঙ্গীর নিজেই জানালেন ভোটে লড়বে না। তাঁর বিরুদ্ধে ছ'টি এফআইআর আছে। ফলতা পুননির্বাচন করার অন্যতম কারণই ছিল এই জাহাঙ্গীর খান।"
মামলা চলাকালীন জাহাঙ্গীর খানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে পুলিশ রিপোর্ট জমা দিতে চাইলে বিচারপতি মন্তব্য করেন, "চাইলে পুলিশের রিপোর্ট জমার আগে এই মামলা তুলে নিতে পারেন মামলাকারী।" তখন জাহাঙ্গীরের আইনজীবী কিশোর দত্ত জানান, তাঁরা মামলা প্রত্যাহার করতে চাননি ৷
এরপর আদালতের পর্যবেক্ষণ, সব মামলাই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এসেবর তদন্ত প্রয়োজন। বিচারপতি বলেছেন, "ঠিক হোক বা ভুল। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে, তার মানে তদন্তে সহযোগিতা করতে হবে। আপনি আত্মসমর্পণ করুন। তদন্তে সহযোগিতা করুন।" এরপরই জাহাঙ্গির খানের অন্তর্বর্তীকালীন সুরক্ষাকবচের মেয়াদ আর বাড়াতে রাজি হয়নি বিচারপতি পার্থ সারথি সেনের বেঞ্চ।
জাহাঙ্গির খানের বিরুদ্ধে ফলতা থানার আইসি মঙ্গলবার আদালতে রিপোর্ট পেশ করেছেন।