আজকাল ওয়েবডেস্ক: স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা অপহরণ ও খুনের ঘটনায় অভিযুক্ত রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন জামিন পেলেন। ইকোপার্ক থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। সোমবার রাতে মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তিনি। বেপরোয়া গতির কারণে এক পথচারীকে সজোরে ধাক্কা মারে তাঁর গাড়ি। এই ঘটনার পরই পুলিশ তাঁকে হাতেনাতে আটক করে। মঙ্গলবার ইকোপার্ক থানা থেকে কড়া নিরাপত্তায় প্রশান্ত বর্মনকে নিয়ে আসা হয় বারাসাত আদালতে।
প্রথমে মুখ ঢেকে প্রশান্তকে কোর্টে প্রবেশ করানো হয়। পরবর্তীতে আর মুখ ঢেকে নয়, সেই পুরনো ছন্দেই কোর্ট লকআপ থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় সিজিএম আদালতে। আদালতে জিজ্ঞাসাবাদ পর্বের পর প্রশান্ত বর্মনের আইনজীবীও জামিনের আবেদন করে।
আদালত সূত্রে জানা যায়, প্রশান্ত বর্মনের পুরনো মামলাকে বর্তমান ঘটনার সাথে যুক্ত করা হয়নি। মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য তাঁর বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় মামলা করা হয়। তার পরিপ্রেক্ষিতেই প্রশান্ত বর্মনের আইনজীবীর পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়।
তাঁর বিরুদ্ধে ২৮১, ১২৫বি এমভি আইনে ১৮৪ এবং ১৮৫ ধারায় মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে কেন পুরনো কেস ট্যাগ করা হল না, এতদিন ধরে কেন ফেরার ছিল তাহলে এই প্রশান্ত বর্মন- এমন প্রশ্ন উঠছে।
সরকারি আইনজীবী লাবণ্য জানা জানান, পুরনো কেসের সঙ্গে বর্তমান কেসের কোনও যোগাযোগ নেই। পুরনো মামলায় জেলা আদালত থেকে জামিন পেয়েছিল প্রশান্ত। তবে এই মামলাটি সম্পূর্ণ আলাদা।
প্রসঙ্গত, সোমবার রাতে কলকাতার রাস্তায় মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তিনি বলে অভিযোগ। বেপরোয়া গতির কারণে এক পথচারীকে সজোরে ধাক্কা মারে তাঁর গাড়ি। এই ঘটনার পরই পুলিশ তাঁকে হাতেনাতে আটক করে। খুনের মামলার পাশাপাশি মত্ত অবস্থায় গাড়ি চালানো এবং দুর্ঘটনার দায়ে তাঁর বিরুদ্ধে নতুন মামলা রুজু করা হয়েছে।