• শিঙাড়া তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ! উড়ে গেল বাড়ির একাংশ, অল্পের জন্য রক্ষা ৪ জনের
    News18 বাংলা | ২৭ মে ২০২৬
  • বর্ধমান থানার বিজয়রামের ঘটিংগড় এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল বাড়ির একাংশ। মঙ্গলবার দুপুরে ব্যবসায়িকভাবে শিঙাড়া তৈরির সময় আচমকাই গ্যাস সিলিন্ডার লিক করে আগুন ধরে যায়। এরপর মুহূর্তের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে।

    বিস্ফোরণের জেরে বাড়ির একাংশ ভেঙে পড়ে এবং বাড়ির আসবাবপত্র-সহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে বরাতজোরে প্রাণে বেঁচে যান বাড়ির চার সদস্য। কোনওক্রমে তাঁরা ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

    বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পুলিশ ও দমকলকে খবর দেন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিবারের দাবি, তাঁরা তেলেভাজার ব্যবসা করেন। বাড়িতে তেলেভাজা প্রস্তুত করার জন্য গ্যাসের ওভেন জ্বালাতেই গ্যাস লিক করে আগুন ধরে যায়। এরপর বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারে প্রবল বিস্ফোরণ ঘটে।

    গত বছর, মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত কুমারষন্ড গ্রাম পঞ্চায়েতের অধীনে রামেশ্বরপুর গ্রামে রান্না করার সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হয় এক ছোট্ট শিশু-সহ এক মহিলার। আহত হয় আরও চার জন। ঘটনাটি ঘটে রামেশ্বরপুর গ্রামে।

    পরিবার সূত্রে জানা যায়, রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা আনিসুর সেখ অন্যান্য দিনের মতো এদিনও রান্না বসিয়েছিলেন। হঠাৎ করেই রান্নার গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। সেই আগুনে পাশে থাকা আরও একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে।

    আগুনে ঝলসে পরিবারের ৬ জন সদস্য গুরুতর আহত হয়। পুলিশ জানিয়েছে আহতদের নাম, আনিসুর সেখ, মনিজা বিবি, নুরজাহান বিবি, রাজিয়া বিবি, ছোট্ট শিশু আড়াই মাসের আফরিন সেখ। আহত অবস্থায় সকলকেই বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক মহিলা ও আড়াই মাসের ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
  • Link to this news (News18 বাংলা)