ইদের মঞ্চে মমতার ‘গন্দা ধর্ম’ মন্তব্য, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
আজ তক | ২৭ মে ২০২৬
গত বছর ইদের মঞ্চে 'গন্দা ধর্ম' মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এ বার সেই মন্তব্যের সূত্র ধরে তাঁর বিরুদ্ধে FIR দায়েরের আবেদন জানিয়ে শিলিগুড়ি সাইবার থানায় লিখিত অভিযোগ জমা দিলেন এক আইনজীবী। অভিযোগকারীর দাবি, ওই মন্তব্যে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে।
শিলিগুড়ির আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায় মঙ্গলবার সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, গত বছর রেড রোডে বিশেষ ঈদের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে মমতা বলেছিলেন, 'আমি ওই গন্দা ধর্ম মানি না। ওই ধর্ম জুমলা পার্টি তৈরি করেছে।' অভিযোগকারীর দাবি, ওই মন্তব্যে সনাতন হিন্দু ধর্মকেই 'গন্দা ধর্ম' বলে ইঙ্গিত করা হয়েছিল।
রিঙ্কির বক্তব্য, কোনও মুসলিম ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে এমন মন্তব্য করা 'সম্পূর্ণ অগ্রহণযোগ্য'। তাঁর দাবি, এই মন্তব্য শুধু বাংলার নয়, গোটা বিশ্বের হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে। সেই কারণেই তিনি পুলিশের কাছে FIR দায়েরের আবেদন জানিয়েছেন। সরকার বদলের পর এ বার তিনি আনুষ্ঠানিক ভাবে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন।
অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, গত কয়েক বছরে তৎকালীন শাসক দলের একাধিক নেতা-মন্ত্রীর মন্তব্যে হিন্দু ধর্মকে বারবার আক্রমণ করা হয়েছে। তবে 'গন্দা ধর্ম' মন্তব্যকেই সবচেয়ে গুরুতর বলে উল্লেখ করেছেন অভিযোগকারী আইনজীবী।
যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ FIR নথিভুক্ত করেছে কি না, তা স্পষ্ট নয়। শিলিগুড়ি সাইবার থানার তরফেও এ বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।
গত বছর এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল রাজ্য রাজনীতিতে। তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিতারী(Suvendu Adhikari) এই মন্তব্যের নিন্দা জানিয়েছিলেন।
এ বার আইনি অভিযোগের পর ফের মাথাচাড়া দিল সেই অভিযোগ। তবে এই প্রসঙ্গে তৃণমূলের দার্জিলিং জেলা সাধারণ সম্পাদক তথা আইনজীবী অত্রি শর্মা বলেন, তিনি দলীয় মুখপাত্র হিসাবে মন্তব্য করতে চান না। তবে ব্যক্তিগতভাবে তাঁর বক্তব্য, 'তখন ক্ষমতায় থেকে ওই ধরনের মন্তব্য করা ঠিক হয়নি। দলের অনেকেই ব্যক্তিগতভাবে সেই মন্তব্য সমর্থন করেননি। অভিযোগ জানানোর নৈতিক অধিকার সকলেরই রয়েছে।'