যানজট-জমায়েত নিয়ন্ত্রণ করতে মঙ্গলাহাটের ফুটপাত অবৈধভাবে ব্যবসায় নিষেধাজ্ঞা প্রশাসনের, কী বলছেন ক্রেতা-বিক্রেতারা?
News18 বাংলা | ২৭ মে ২০২৬
ফুটপাথে ব্যবসায় কড়া নির্দেশিকা প্রশাসনের, এবার সেই আঁচ হাওড়ার ঐতিহ্যবাহী মঙ্গলাহাটেও! এশিয়ার অন্যতম বৃহৎ হাওড়ার মঙ্গলাহাট। সাপ্তাহিক এই হাটে লক্ষ লক্ষ ক্রেতা এবং বিক্রেতা হাজির হয়। সোমবার ও মঙ্গলবার দুই দিনের হাটে স্থায়ী-অস্থায়ী দোকানে ব্যবসায়ীরা পোশাকের পসরা সাজায়। নতুন সরকার গঠনের পর থেকেই বিভিন্ন সমস্যার সমাধানে কঠোর পদক্ষেপ প্রশাসনের। রাস্তায় যানজট এবং জমায়েত নিয়ন্ত্রণ করতে ফুটপাত দখল করে অবৈধভাবে চলত ব্যবসা৷ সেই সমস্যা মেটাতেই নয়া নির্দেশিকা জারি করে প্রশাসন৷
হাওড়া ময়দান চত্বর হল প্রশাসনিক দফতর এবং কলকাতার সঙ্গে যোগাযোগের অন্যতম স্থান। সপ্তাহের শুরুতে সোমবার এবং মঙ্গলবার মঙ্গলাহাটের কারণে অফিস সময়ের তীব্র যানজট সৃষ্টি হয় এখানে। সেই যানজট এবং জমায়েত নিয়ন্ত্রণ করতেই ফুটপাত ব্যবসায় নিষেধাজ্ঞা প্রশাসনের। ফুটপাতের ব্যবসায় নিষেধাজ্ঞা জারি হতেই সোমবার এবং মঙ্গলবার দুই দিনের মঙ্গলাহাটে ক্রেতা বিক্রেতারা অভিযোগ তুললেন বিভিন্ন সমস্যার৷
দেশের বিভিন্ন প্রান্ত অর্থাৎ বিভিন্ন রাজ্য থেকে ক্রেতা-বিক্রেতা সোমবার দুপুর থেকেই পোশাক কেনা-বেচা করতে হাওড়ায় হাজির হয়। মঙ্গলাহাটে ফুটপাতে ব্যবসায় নিষেধাজ্ঞা থাকার ফলে সোমবার থেকেই ক্রেতা বিক্রেতারা সমস্যায় পড়ার অভিযোগ করেন। তাঁদের দাবি, বিভিন্ন রাজ্য থেকে এসে রাত কয়েক ঘণ্টা কেনা-বেচা চলে।
ব্যবসায়ী এবং ক্রেতাদের কথায় প্রশাসনের তরফে মাইকিং করে জানান হয়েছে। কালো পিচের রাস্তায় কোনও সামগ্রী বসানো যাবেনা। নতুন নির্দেশিকায় ক্রেতা-বিক্রেতা উভয়ের সমস্যায়। নাম না করে কিছু ক্রেতার দাবি, সম্পূর্ণরূপে ব্যবসা বন্ধ হলে পরিবার নিয়ে সমস্যায় পড়বেন তারা। তাই প্রশাসনের কাছে তাদের দাবি, সময় নির্ধারিত করে নিয়ন্ত্রণ করা হোক।