• পুরুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই গোশালার ১৬ লক্ষের খড়, অল্পের জন্য রক্ষা পেল গবাদি পশুরা
    News18 বাংলা | ২৭ মে ২০২৬
  • : ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া শহরে। সোমবার দুপুর নাগাদ পুরুলিয়া শহরের গোশালা মন্দির সংলগ্ন এলাকায় হঠাৎই আগুন লেগে যায় গো-রক্ষিনী সভার মজুত করে রাখা খড়ের গাদায়। বর্ষাকালে গো-মাতার খাদ্যের অভাব যাতে না হয়, তার জন্য আগে থেকেই বিপুল পরিমাণ খড় একটি ঘরে সঞ্চয় করে রাখা হয়েছিল। সেই খড়ের গাদাতেই আচমকা আগুন ধরে যায় বলে জানা গিয়েছে।

    স্থানীয় সূত্রে খবর, প্রথমে ধোঁয়া বের হতে দেখে সন্দেহ হয় আশপাশের বাসিন্দাদের। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। শুকনো খড়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। আগুনের লেলিহান শিখা দূর থেকেও দেখা যায়। আতঙ্কে এলাকাবাসীরা ছুটে আসেন এবং গোশালার ভিতরে থাকা গরুগুলিকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা শুরু হয়।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। সরু রাস্তা ও ঘন ধোঁয়ার কারণে আগুন নেভানোর কাজে প্রথমদিকে কিছুটা সমস্যার মুখে পড়তে হয় দমকল কর্মীদের। পরে আগুনের উৎসস্থলে পৌঁছতে খড় মজুত রাখা ঘরের বাউন্ডারির একাংশ ভেঙে ফেলতে হয়। দীর্ঘক্ষণ জলের স্প্রে ও টানা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও এই ঘটনায় কোনও গরুর প্রাণহানি বা আহত হওয়ার খবর নেই, তবে আগুনে পুড়ে বিপুল পরিমাণ খড় নষ্ট হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে গো-রক্ষিনী কমিটির প্রায় ১৫ থেকে ১৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।

    এ বিষয়ে গো-রক্ষিনী কমিটির সদস্য সুজিত সুলতানা বলেন, “প্রথমে এলাকার মানুষের নজরে আসে আগুনের বিষয়টি। তাঁরাই আমাদের খবর দেন। এরপর সঙ্গে সঙ্গে দমকলে যোগাযোগ করা হয়। দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে প্রচুর খড় নষ্ট হয়ে গিয়েছে।”

    অন্যদিকে বিজেপি নেতা গৌতম রায় বলেন, গো-মাতার খাবারের জন্য বহুদিন ধরে এই খড় সঞ্চয় করে রাখা হয়েছিল। আচমকাই তাতে আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। গোশালার ব্যাপক ক্ষতি হয়েছে। প্রশাসনের উচিত দ্রুত ঘটনার তদন্ত করে প্রকৃত কারণ সামনে আনা। প্রাথমিকভাবে শর্ট সার্কিট, অসাবধানতাবশত আগুন বা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে দমকল ও প্রশাসন। ঘটনার পর থেকেই গোটা এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)