বেহালার রাস্তার বেহাল দশা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। সামান্য বৃষ্টি হলেই জল জমে তৈরি হয় বিপজ্জনক পরিস্থিতি, খানা-খন্দে ভরা রাস্তা কার্যত দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় নিত্যযাত্রীদের কাছে। এবার সেই সমস্যার স্থায়ী সমাধানে বর্ষার আগেই উদ্যোগী হলেন বেহালা পশ্চিমের বিধায়ক ডা. ইন্দ্রনীল খাঁ।
তারাতলা রোড থেকে জিঞ্জিরা বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে গাড়িচালক সকলেই। এই রাস্তা কলকাতা পোর্ট ট্রাস্টের অধীনে থাকায় দ্রুত সংস্কারের দাবিতে পোর্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন বিধায়ক।
বৈঠকে রাস্তার দ্রুত মেরামতির বিষয়ে জোর দেন ডা. ইন্দ্রনীল খাঁ। সূত্রের খবর, বর্ষা নামার আগেই যাতে জরুরি ভিত্তিতে সংস্কারের কাজ শুরু করা যায়, সেই বিষয়েই আলোচনা হয়েছে। বিধায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই এলাকায় একাধিক নাগরিক সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা নিতে দেখা যাচ্ছে তাঁকে।
স্বাস্থ্য পরিষেবা থেকে রাস্তা, নিকাশি, আলো, বিভিন্ন ইস্যুতে প্রশাসনিক দপ্তরগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। সম্প্রতি কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডের সঙ্গেও বৈঠক করেন ইন্দ্রনীল খাঁ। সেখানে বেহালা এলাকার নিকাশি ব্যবস্থা, রাস্তার উন্নয়ন এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।