• বেকসুর খালাস প্রাক্তন মন্ত্রীর ভাই! কয়লা দুর্নীতি মামলায় আদালতে বড় ধাক্কা সিবিআইয়ের
    প্রতিদিন | ২৭ মে ২০২৬
  • কয়লা দুর্নীতি মামলায় আদালতে বড় ধাক্কা সিবিআইয়ের। ছত্তিশগড়ের বিজয় সেন্ট্রাল কোল ব্লকে বরাদ্দে কারচুপির মামলায় এসকেএস ইস্পাত অ্যান্ড পাওয়ার লিমিটেড সংস্থা-সহ চার জনকে বেকসুর খালাস করেছে দিল্লির বিশেষ আদালত। এই তালিকায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুবোধকান্ত সহায়ের ভাই সুধীর কুমার সহায়-সহ সংস্থার চার আধিকারিক।

    মামলার রায় ঘোষণার সময় বিচারপতি সুনেনা শর্মা বলেন, সিবিআইয়ের তরফে অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা ও ষড়যন্ত্রের যে অভিযোগ তোলা হয়েছে তার পর্যাপ্ত প্রমাণ নেই। যে সাক্ষ্যপ্রমাণ পেশ করা হয়েছে তদন্তকারী সংস্থার তরফে তা অপর্যাপ্ত। সরকার পক্ষ উপযুক্ত তথ্য প্রমাণ পেশ করতে না পারায় আদালত অভিযুক্তদের মুক্তি দিতে বাধ্য। এদিকে সিবিআইয়ের অভিযোগ ছিল, ওই সংস্থা কয়লা খনির বরাদ্দ পেতে রীতিমতো ষড়যন্ত্র করে। সম্পত্তি, জমি, বিনিয়োগ ও অনুমোদন বিষয়ে কেন্দ্রের কয়লা মন্ত্রকের কাছে একাধিক মিথ্যে তথ্য পেশ করা হয়। তবে এই মামলায় সিবিআইয়ের তরফে যে তথ্যপ্রমাণ পেশ করা হয় তা পর্যাপ্ত বলে মনে করেনি আদালত।

    রায় ঘোষণার সময় আদালত জানিয়েছে, মোট সম্পত্তি, বিনিয়োগ, জমি এবং অনুমোদন সংক্রান্ত মিথ্যা তথ্য পেশের সিবিআইয়ের দাবি প্রমাণিত হয়নি। আইপিসির ১২০বি ধারার অধীনে ফৌজদারি ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণ করার জন্য, সিবিআই একটিও প্রত্যক্ষ বা পরোক্ষ প্রমাণ পেশ করতে পারেনি। পাশাপাশি এই মামলায় প্রাক্তন মন্ত্রী সুবোধকান্তর একটি সুপারিশপত্রও দাখিল করা হয়েছিল সিবিআইয়ের তরফে।

    তবে আদালত জানিয়েছে, প্রাক্তন মন্ত্রী বা তাঁর ভাইয়ের লেখা কোনও চিঠি কয়লা মন্ত্রকের ৩৬তম স্ক্রিনিং কমিটির সামনে কখনও পেশ করা হয়েছিল বা সেই চিঠি কমিটির সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।
  • Link to this news (প্রতিদিন)