• মুখ্যমন্ত্রী থাকাকালীন ‘বিতর্কিত’ মন্তব্য! এবার মমতার বিরুদ্ধে অভিযোগ শিলিগুড়ি থানায়
    প্রতিদিন | ২৭ মে ২০২৬
  • ইদ উপলক্ষে রেড রোডের অনুষ্ঠানে এবং নির্বাচনী প্রচারে একাধিক ‘বিতর্কিত’ মন্তব্যের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের। শিলিগুড়ির সাইবার থানায় অভিযোগ দায়ের করলেন আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায়। ওই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই মামলা প্রসঙ্গে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পেশায় আইনজীবী অত্রি শর্মার মন্তব্য ঘিরে দলের অন্দরে অস্বস্তি বেড়েছে। অত্রি শর্মা জানান, ক্ষমতায় থাকাকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য করা উচিত হয়নি।

    মামলাকারী রিঙ্কি চট্টোপাধ্যায়ের অভিযোগ, ২০২৫ সালে কলকাতায় রেড রোডে ইদের অনুষ্ঠান থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিন্দুত্ব এবং হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে বিতর্কিত মন্তব্য করেছিলেন। ওই সময় ঘটনার প্রতিবাদে শিলিগুড়ির প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করতে গেলে তাঁকে হেনস্তার শিকার হতে হয়েছিল। তিনি বলেন, “আমার অভিযোগ নিতে অস্বীকার করেন থানার আধিকারিকরা। আমাকে দুর্ব্যবহার এবং কটূ কথা বলে থানা থেকে বের করে দেওয়া হয়।” পরবর্তীতে বিধানসভা নির্বাচনের আগে ধর্নামঞ্চ থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়৷

    রাজ্যে সরকার বদল হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভোটে খোদ ভবানীপুর কেন্দ্র থেকে পরাজিত। বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবর্তনের প্রেক্ষাপটে এবার শিলিগুড়ি সাইবার থানায় ওই দুই ঘটনার প্রেক্ষিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন রিঙ্কি চট্টোপাধ্যায়। তিনি বলেন, “আইনত যে ব্যবস্থা নেওয়া সম্ভব, আমি তাঁর অপেক্ষায় রয়েছি।” উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের সময় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বিধাননগর সাইবার থানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়৷ আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হয় অভিষেককে৷
  • Link to this news (প্রতিদিন)