• নজরে আইনশৃঙ্খলা, লালবাজারে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী! কী নির্দেশ পুলিশ কর্তাদের?
    প্রতিদিন | ২৭ মে ২০২৬
  • লালবাজারে শুভেন্দু অধিকারী। পুলিশ কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী। শহরের নিরাপত্তা, বাহিনীর আধুনিকীকরণ-সহ একাধিক বিষয়ে পুলিশ কর্তাদের সঙ্গে তাঁর বৈঠক হয় বলে প্রাথমিক খবর। সামনেই কোরবানির ইদ। সেই বিষয়েও শহরের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে। পুলিশ কর্তাদের বৈঠকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?

    মুখ্যমন্ত্রী হওয়ার পর এদিনই প্রথম লালবাজারে গেলেন শুভেন্দু অধিকারী। এদিন সকালে তিনি নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন। বৈঠক শেষে কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী লালবাজারে যান। মুখ্যমন্ত্রী আসছেন, সেই বার্তা পেয়েই সাজো সাজো রব উঠেছিল পুলিশ কর্তাদের অফিসে। মুখ্যমন্ত্রীর কনভয় পৌঁছলে শুভেন্দু অধিকারীকে অভ্যর্থনা জানানো হয়। লালবাজারের পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর। কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকাগুলির নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় বলে খবর। এছাড়াও বাহিনীর আধুনিকীকরণ, নিয়োগ-সহ একাধিক বিষয়ে কথা হয়েছে বলেও সূত্রের খবর। লালবাজারের ভিতরেই ভবনের একাধিক জায়গায় কাজ চলছে। সেই বিষয়ও আলোচনায় উঠে আসে বলে খবর। 

    আগামী বৃহস্পতিবার কোরবানির ইদ। সেই উপলক্ষ্যে কলকাতা ও আশপাশে নিরাপত্তাও জোরদার থাকে প্রতি বছর। এবারও ইদ উপলক্ষ্যে মহানগরে কড়া নজরদারি, নিরাপত্তা থাকবে বলে পুলিশ সূত্রে খবর। কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার ডিপি সিংয়ের সঙ্গে বেশ কিছু সময় মুখ্যমন্ত্রীর কথা হয়। শুভেন্দু অধিকারীকে ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর শুভেন্দু অধিকারী রাজ্যের পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। দুর্নীতি ইস্যু ও দুষ্কৃতী দমনে জিরো টলারেন্স-এর বার্তা দিয়েছেন তিনি। সেই মতো কলকাতা-সহ রাজ্যজুড়ে পুলিশ কাজও করছে। গতকাল, সোমবার আলিপুরের ‘সৌজন্য’তে কেন্দ্রীয় সরকারের আমলাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র-রাজ্য সমন্বয় বজায় রেখে কাজ করার বার্তা নিয়েই এই বৈঠক বলে জানা গিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)