• হিন্দু ভাবাবেগে আঘাত! এবার কবীর সুমনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
    প্রতিদিন | ২৭ মে ২০২৬
  • তিনি ঘোষিত বিজেপি বিরোধী। হিন্দুত্বে বিশ্বাস করেন না। বরাবর ঠোঁটকাঁটা। নিন্দুকেরা বলেন, কখনও কখনও তাঁর ভাষ্য শালীনতার সীমা ছাড়ায়। রাজ্যে পালাবদলের পর এবার বিপাকে পড়তে পারেন কবীর সুমন। তাঁর বিরুদ্ধে নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করল ‘জাতির কথা’ নামের এক সংগঠন।

    ওই সংগঠনের সদস্যদের দাবি, কবীর সুমন নারীদের অপমান করেছেন। তাঁর কথাবার্তায় হিন্দু ভাবাবেগে আঘাত লেগেছে। জাতির কথা সংগঠনের তরফে সোশাল মিডিয়ায় অভিযোগ দায়ের করার কথা জানানো হয়েছে। সংগঠনের সদস্যদের বক্তব্য, ”কবীর সুমন নিজেকে বুদ্ধিজীবী মনে করেন। তাঁর যে ধরনের ভাষা, নারীদের এবং বাঙালি মানুষদের প্রতি যে ধরনের ভাষা উনি ব্যবহার করেন, সেটা আমরা বাঙালি হিসেবে, হিন্দু হিসেবে এবং নারী সম্মানকারী হিসেবে, আমরা এটা বরদাস্ত করছি না।”

    ওই সংগঠনের সদস্যদের বক্তব্য, “শিল্পীকে যাতে জেলে ঢোকানো যায়, তার জন্য যাবতীয় ব্যবস্থা করব আমরা। আমাদের সংগঠনের কর্মীরা একত্রিত হয়েছি, এই কারণেই যে হিন্দু সমাজকে অসম্মানিত এবং তাচ্ছিল্য করা যাবে না। যে কথা তিনি বলেছেন, তাঁর মূল্য দিতে হবে।” যদিও পুলিশ সূত্রের খবর, সুমনের বিরুদ্ধে এখনও কোনও এফআইআর দায়ের করা হয়নি। নিয়ম মেনে খোঁজখবর চলেছে। ৩ বছর আগে একটি টেলিভিশন চ্যানেলে কিছু বিরূপ মন্তব্য করার অভিযোগ রয়েছে গায়কের বিরুদ্ধে। সেই নিয়েই মূল অভিযোগটি দায়ের হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ।

    উল্লেখ্য, কবীর সুমন তৃণমূল সমর্থক হিসাবে পরিচিত। অতীতে তৃণমূলের টিকিটে লোকসভায় গিয়েছেন। গত মার্চ মাসে ধর্মতলার ধরনা মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে এসআইআরের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তবে, বাংলায় গৈরিক সূযোর্দয় হতেই ১৮০ ডিগ্রি ঘুরে শিল্পী বলেন, “আমি তৃণমূলপন্থী নই!” এক সাক্ষাৎকারে সুমন বলেন, “সিপিএম বা তৃণমূল আমলে মেয়েদের নিরাপত্তা কিন্তু সুনিশ্চিত ছিল। আমি আশা করব, নতুন সরকার যেন সেই ধারা বজায় রাখেন। এখনও ভোট হলে আমি তৃণমূলকেই দেব। তবে সেরকম কোনও কমিউনিস্ট পার্টি এলে আমি এই বুড়ো বয়সেও তাঁদের সদস্য হওয়ার চেষ্টা করব। আমি তাঁদের জন্য গান বাঁধব। তাঁদের পাশে থাকব।”
  • Link to this news (প্রতিদিন)