• প্রতিভার ভিত্তিতেই কাজ মিলবে টলিউডে, চার সদস্যের কমিটি গড়ল রাজ্য
    বর্তমান | ২৬ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কোনো লবিবাজি নয়। বিনোদন দুনিয়ায় কাজ পাওয়ার ক্ষেত্রে একমাত্র শর্ত হোক ট্যালেন্ট। অর্থাৎ, প্রতিভা। লবিবাজির পরিবর্তে শুধুমাত্র ট্যালেন্টের উপর ভর করেই মিলুক কাজ। বাংলার টলি ইন্ডাস্ট্রিতে কর্মসংস্কৃতি খোলনলচে পালটে দেওয়ার পথে হাঁটছে রাজ্যের বিজেপি সরকার। জানা যাচ্ছে, এব্যাপারে দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকেও আসতে চলেছে সুস্পষ্ট নির্দেশিকা। এমনকি বাংলার বিনোদন জগতে সুস্থ কর্মপরিবেশ তৈরির লক্ষ্যে ইতিমধ্যেই চার সদস্যর একটি কমিটিও তৈরি করেছে বিজেপি। সেই চারজন হলেন টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী, শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ, সোনারপুর দক্ষিণের বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় এবং শ্যামপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। বিজেপির এই চারজন বিধায়কই অভিনয় জগতের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। রাজ্যের টলি ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ পালটানোর লক্ষ্যে তাই এই চারজন দলীয় বিধায়কের উপরই সবথেকে বেশি ভরসা করছে বিজেপি।

    রাজ্যের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বাংলার বিনোদন জগৎ নির্দিষ্ট একটি লবির কুক্ষিগত ছিল বলে বিভিন্ন সময় অভিযোগ করেছেন অভিনেতা-অভিনেত্রীরা। তাঁদের একটি বড়ো অংশের অভিযোগ ছিল, ওই লবির ঘনিষ্ঠ না হলে কাজ পাওয়াই রীতিমতো দুষ্কর হয়ে উঠত। বহু প্রতিভাবান অভিনেতাকে শুধুমাত্র এই কারণে দিনের পর দিন কাজ না পেয়ে বসে থাকতে হয়েছে বলেও একাধিকবার অভিযোগ উঠেছে। তবে শুধুই অভিনেতারা নন। ক্যামেরার পিছনে যাঁরা কাজ করেন, তাঁরাও বিভিন্ন ক্ষেত্রে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ। বড়ো পর্দা এবং ছোটো পর্দা, লবিবাজির অভিযোগ উঠেছে রাজ্যের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে।

    বিজেপি সূত্রে জানানো হয়েছে, রাজ্যে ক্ষমতায় আসার পরই টলি ইন্ডাস্ট্রির প্রতিভাবান প্রত্যেক কলাকুশলীকে তাঁর যোগ্য সম্মান দিতে উদ্যোগী হয়েছে শাসক দল। সেইমতোই কমিটি গড়ে অবিলম্বে কাজ শুরুর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এব্যাপারে টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীকে ফোনে যোগাযোগ করা হলে তিনি ‘বর্তমান’কে বলেন, ‘তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যে কী অবস্থা হয়েছিল, তা আমরা প্রত্যেকেই দেখেছি। নতুন সরকারের আমলে তার কোনো পুনরাবৃত্তি হবে না, এটুকু বলতেই পারি। কমিটির চার সদস্য আমি, রূপা, রুদ্রনীল এবং হিরণ ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি। নিয়মিতভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমরা রিপোর্ট দেব। তিনি আমাদের পরবর্তী নির্দেশ দেবেন। সেইমতো কাজ হবে।’ দলের অন্দরে খবর, শুধুমাত্র ট্যালেন্টের ভিত্তিতে কাজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করার এজেন্ডা যেমন আছে। তেমনই ছোটো পর্দায় প্লট নির্বাচনের ব্যাপারে আরও যত্নবান হওয়ার উদ্যোগ নিচ্ছে বিজেপি সরকার।
  • Link to this news (বর্তমান)