• হাওড়া রেড ক্রস সোসাইটিতে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশের হাতে তুলে দেওয়া হলো অভিযুক্তকে
    এই সময় | ২৭ মে ২০২৬
  • হাওড়া রেড ক্রস সোসাইটিতে এক কর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে প্রসেনজিৎ হাজরা নামে এক কর্মীর বিরুদ্ধে। পরে তাঁকে ধরে পুলিশের হাতেও তুলে দেওয়া হয়। অভিযোগ, সেই সময়ে মারধরও করা হয়েছে প্রসেনজিৎকে।

    সংস্থার মহিলা কর্মীদের অভিযোগ, কয়েক বছর থেকেই সংস্থায় বিভিন্ন ধরনের অনিয়ম হয়ে আসছে। হিসেবনিকেশ চাইলেও তা পাওয়া যায় না। তাঁদের দাবি, রেড ক্রস সোসাইটি স্বচ্ছতা বজায় রেখে সঠিকভাবে পরিচালিত হোক। অভিযোগ, প্রসেনজিতের কাছে তাঁরা হিসেব চাইতে গিয়েছিলেন। কিন্তু প্রসেনজিৎ তা দিতে অস্বীকার করেন এবং উল্টে দুর্ব্যবহার শুরু করেন। তিনি এক মহিলাকর্মীর কাপড় ধরে টানাটানি করেন বলেও অভিযোগ। এর জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

    প্রসেনজিৎ অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, মহিলাকর্মীরাই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং তাঁকে মারধর করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ। উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)