• কান্দিতে শান্তনুর বাড়িতে ফের ED, নজরে পুকুর
    এই সময় | ২৭ মে ২০২৬
  • কান্দি: ফের মুর্শিদাবাদের কান্দিতে ইডি-র হানা! এর আগে গত শুক্রবার কালীঘাট থানার প্রাক্তন আইসি তথা সদ্য প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির প্রাসাদোপম পৈতৃক বাড়িতে ম্যারাথন তল্লাশির চালানোর পরে বাইরে থেকে সিল করে দিয়ে গিয়েছিলেন ইডি আধিকারিকরা।

    ওই ঘটনার চার দিনের মাথায় মঙ্গলবার সকালে ফের চারটি গাড়িতে করে ইডি আধিকারিকরা এসে হাজির হন কান্দি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের জেমো বিশ্বাসপাড়ার শান্তনুর পৈতৃক বাড়িতে। টানা পাঁচ ঘণ্টা ধরে চলে ইডি-র তল্লাশি অভিযান। সেই সময়ে গোটা বাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। তল্লাশি শেষ করে এ দিন বিকেলের দিকে ইডি আধিকারিকরা বেরিয়ে যান।

    তবে এ দিন আর বাড়িটি তাঁরা বাইরে থেকে সিল করে যাননি। চার দিন আগে যখন ইডি আধিকারিকরা তদন্তে কান্দি এসেছিলেন, তখন তাঁরা এই বিলাসবহুল বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েছিলেন। তবে এ দিনের হানায় এক নতুন মোড় সামনে এসেছে। ইডি সূত্রে খবর, এ দিন তদন্তকারীদের নজর ছিল ওই বাড়ির ভিতরে

    থাকা পুকুরের দিকে। গোটা বাড়ির আনাচ-কানাচ যেমন সিসিটিভি ক্যামেরা দিয়ে মোড়া, তেমনই পুকুরের চার পাশ জুড়ে রয়েছে সিসিটিভি ক্যামেরা। তদন্তকারী ইডি অফিসাররা আশঙ্কা করছেন, আর্থিক লেনদেনের প্রমাণ কিংবা বেআইনি সম্পত্তি সংক্রান্ত কোনও গোপন ফাইল লোপাট করতে পুকুরে ফেলা হয়ে থাকতে পারে। তা জানতে এ দিন পুকুরে বাঁশ দিয়ে খতিয়ে দেখা হয়।

    স্থানীয় কয়েক জনকে পুকুরে নামিয়েও খোঁজখবর চালানো হয়। এ দিকে, শান্তনু সিনহা বিশ্বাসের বোন গৌরী সিনহা বিশ্বাস তৃণমূল পরিচালিত কান্দি পুরসভার উপ-পুরপ্রধান পদে রয়েছেন। তিনি এই বাড়িতেই থাকতেন। কিন্তু দাদা শান্তনুকে ইডি নিজেদের হেফাজতে নেওয়ার পর থেকেই তিনি বাড়ি ছাড়া।

  • Link to this news (এই সময়)