• উগান্ডা থেকে বেঙ্গালুরুতে ফেরা যাত্রী আইসোলেশনে, ইবোলা নিয়ে সতর্কতা বাড়াল কেন্দ্র
    এই সময় | ২৭ মে ২০২৬
  • আফ্রিকার কয়েকটি দেশে ইবোলার সংক্রমণ বাড়তে থাকায় সতর্কতা জোরদার করল ভারত। উগান্ডা থেকে সম্প্রতি বেঙ্গালুরুতে ফেরা এক ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। শরীরে হালকা ব্যথার উপসর্গ দেখা দেওয়ার পরে তাঁকে শহরের সরকারি এপিডেমিক ডিজ়িজ়েস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    তবে ওই ব্যক্তির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাঁকে আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে দাবি প্রশাসনের। স্বাস্থ্য মন্ত্রকের এক সূত্র জানিয়েছে, ‘নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এখনও হাতে আসেনি।’

    কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্দেশিকা মেনেই সব ধরনের জনস্বাস্থ্য প্রোটোকল অনুসরণ করা হচ্ছে। কর্নাটক সরকারের সঙ্গেও নিয়মিত সমন্বয় রেখে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

    মন্ত্রক স্পষ্ট করেছে, এখনও পর্যন্ত ভারতে ইবোলা ভাইরাসে আক্রান্ত কোনও রোগীর খোঁজ মেলেনি। আফ্রিকার বিভিন্ন দেশে সাম্প্রতিক সংক্রমণের ঘটনার পরে থেকেই গোটা পরিস্থিতির উপর নজরদারি বাড়ানো হয়েছে।

    দেশের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দর ও নির্দিষ্ট এন্ট্রি পয়েন্টে স্ক্রিনিং এবং মনিটরিং ব্যবস্থাও চালু রয়েছে। গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছে কেন্দ্র। শুধুমাত্র সরকারি সূত্র থেকে তথ্য জানার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে।

    এর আগেও আফ্রিকার আক্রান্ত দেশগুলি থেকে আসা যাত্রীদের ঘিরে ভারতে ইবোলা নিয়ে সতর্কতা তৈরি হয়েছিল। তবে প্রতিবারই নজরদারি বাড়ানো হলেও দেশে সংক্রমণ ছড়ানোর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য মন্ত্রকের দাবি, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। এই মুহূর্তে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

  • Link to this news (এই সময়)