শ্যামগোপাল রায়
রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুন থেকে রাজ্যের সব সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন। এই পরিষেবা চালুর আগে মহিলা যাত্রীদের সুযোগ–সুবিধা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে পরিবহণ দপ্তরের তরফে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। বিশেষ করে বাসের কন্ডাক্টর ও চালকদের ভূমিকা এবং নারী সুরক্ষার বিষয়টি নির্দেশিকায় অগ্রাধিকার পেয়েছে।
বাস যাত্রা ফ্রি হওয়ার কারণে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে কর্মরত মহিলাদের ভিড় সরকারি বাসে উল্লেখযোগ্য ভাবে বাড়বে বলেই মনে করছে পরিবহণ মহল। মেট্রো–অটো ছেড়ে গন্তব্যে যাওয়ার জন্যে অনেকেই বাসে উঠবেন। এই পরিস্থিতিতে বাসের মধ্যে যাতে কোনও অবাঞ্ছিত ঘটনা না ঘটে, সে জন্যে আগাম কোমর বাঁধছে প্রশাসন। পরিবহণ দপ্তরের আধিকারিকরা কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন।
রাজ্যের বহু সরকারি বাসে সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেগুলি সচল রয়েছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে পরিবহণ নিগমের আধিকারিকদের। যে সব বাসে এখনও ক্যামেরা নেই, সেগুলিতে দ্রুত সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ চলছে, যাতে পরিবহণ দপ্তরের সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে সরাসরি নজরদারি চালানো যায়। সেই সঙ্গে বাসের ভিতরে একাধিক জায়গায় পুলিশের হেল্পলাইন নম্বর লিখে রাখার কথাও বলা হয়েছে। যাতে জরুরি পরিস্থিতিতে মহিলারা পুলিশের দ্বারস্থ হতে পারেন। পাশাপাশি, ট্রেনে যেমন মাঝেমধ্যেই রেলরক্ষী বাহিনীর সদস্যরা মহিলা যাত্রীদের খোঁজখবর নিতে সারপ্রাইজ ভিজিট করেন, সেই ব্যবস্থা সরকারি বাসেও চালু করার জন্যে পরিবহণ দপ্তরের তরফে পুলিশের কাছে আর্জি জানানো হয়েছে।
পরিবহণ দপ্তরের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, রাজ্য পরিবহণ নিগমের অধীন সব এসি এবং নন-এসি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াতের সুযোগ দিতে হবে। এই সুবিধা থেকে কোনও মহিলা যাতে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে কন্ডাক্টরদের জন্যে নির্দিষ্ট কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। বলা হয়েছে, উপভোক্তা মহিলাদের ছবি ও নাম সম্বলিত ডিজিটাল স্মার্ট কার্ড রাজ্য সরকারের তরফে ইস্যু করা হবে। তবে যতদিন না মহিলারা ওই স্মার্ট কার্ড হাতে পাচ্ছেন, ততদিন পর্যন্ত যে কোনও সরকারি পরিচয়পত্র দেখেই কন্ডাক্টরদের ইলেকট্রনিক টিকিট মেশিন থেকে 'জিরো ভ্যালু টিকিট' দিতে হবে। নিখরচায় যাত্রা বলে কন্ডাক্টরদের মধ্যে মহিলা যাত্রী তোলার ক্ষেত্রে এক ধরনের অনীহা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে দপ্তর। নির্দেশিকায় জানানো হয়েছে, কোনও ভাবেই মহিলা যাত্রী দেখে এড়িয়ে যাওয়া যাবে না। নির্ধারিত স্টপেজে মহিলা যাত্রীদের ওঠা-নামার জন্যে পর্যাপ্ত সময় দিতে হবে।
পরিবহণ দপ্তর স্পষ্ট করে দিয়েছে, ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (সিএসটিসি), ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডব্লিউটিসি), ওয়েস্ট বেঙ্গল সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডব্লিউএসটিসি), নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (এনবিএসটিসি), সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (এসবিএসটিসি)–র আওতায় চলা সব সরকারি বাসের কর্মীদের এই নিয়ম মানতে হবে। পরিবহণ দপ্তরের এক আধিকারিক বলেন, 'সবাই নিয়ম মানছেন কি না এবং সুরক্ষার ক্ষেত্রে কোনও ঘাটতি থাকছে কি না—তা জানার জন্যে সিনিয়র অফিসাররা বাসে সারপ্রাইজ ভিজিট করবেন।'