• বন্ধ 'মুখ্যমন্ত্রীকে বলুন', সমস্যা জানাতে নয়া কর্মসূচি শুভেন্দুর, নামকরণ করলেন শমীক
    আজ তক | ২৭ মে ২০২৬
  • ‘আমি নই, আমরা।’ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই এই বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার বাস্তবেও তেমনটাই করার পথে রাজ্যের BJP সরকার। বাংলায় এবার চালু হচ্ছে ‘আপনার সরকারকে বলুন'। ফোন করে সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন রাজ্যবাসী।

    তবে এই কর্মসূচি নতুন নয়। এর আগে তৃণমূল সরকারের জমানায় ছিল 'মুখ্যমন্ত্রীকে বলুন'। সেটারই নাম পরিবর্তন করে করা হল 'আপনার সরকারকে বলুন'। ‘আমি থেকে আমরা’ হতে এই নামবদল বলে জানানো হয়েছে। 

    প্রসঙ্গত, ২০২৩ সালে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন 'মুখ্যমন্ত্রীকে বলুন' কর্মসূচি। সাধারণ মানুষ সরাসরি ফোন করে নিজেদের সমস্যার কথা নথিবদ্ধ করতে পারতেন। তবে অনেক ক্ষেত্রেই অভিযোগ এসেছে, ফোন করেও অধিকাংশ সময়ে কোনও সুরাহা মিলত না। 

    যদিও BJP সরকার এই কর্মসূচি নিয়ে কোনও আপত্তি করেনি। তবে শুভেন্দু অধিকারীর আপত্তি ছিল নাম নিয়ে। সাধারণ মানুষের সমস্যার সুরাহা করা নয়, মুখ্যমন্ত্রী নিজেকে জাহির করতেই এই কর্মসূচি চালু করেছিলেন, এমনটাই অভিযোগ। 

    রাজনৈতিক পালাবদলের পরেই তাই রাজ্য সরকার এই কর্মসূচির নতুন নামকরণ করল। মুখ্যমন্ত্রী এই প্রকল্পের নতুন নাম নিয়ে পরামর্শ চেয়েছিলেন রাজ্য BJP সভাপতি শমীক ভট্টাচার্যের কাছে। 'আপনার সরকারকে বলুন' নামটি তাঁরই দেওয়া। 

    মঙ্গলবার নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে কর্মসূচির নাম পরিবর্তনের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী সপ্তাহ থেকে মুখ্যমন্ত্রীকে বলুন বন্ধ করা হচ্ছে। এই কর্মসূচির একটি নতুন নাম দিচ্ছি। আপনার সরকারকে বলুন। নতুন নামে আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচি আবার শুরু হবে।'

    তবে শুধু নাম নয়, নম্বরও বদলে ফেলছে নয়া সরকার। শুভেন্দু বলেন, 'যে দিন নতুন নামে এই কর্মসূচি আনুষ্ঠা‍নিক ভাবে লঞ্চ হবে, সে দিনই নম্বর জানিয়ে দেওয়া হবে।' মুখ্যমন্ত্রীর এই ঘোষণার মধ্যেই লুকিয়ে আছে রাজ্যের নতুন সরকারের দৃষ্টিভঙ্গিও স্পষ্ট হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।  ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ থেকে ‘আপনার সরকারকে বলুন’ ওয়ার মধ্যে নতুন মুখ্যমন্ত্রী বোঝাতে চাইছেন, ব্যক্তি বড় নয়। 

    মুখ্যমন্ত্রীর ঘোষণায় আরও একটি বার্তাও পাওয়া গিয়েছে। সরকার এবং দলের মধ্যে সমন্বয়ের উপর জোর দিয়েছেন তিনি। ‘মুখ্যমন্ত্রীকে বলুন’–কর্মসূচির নতুন নাম কী দেওয়া হবে, সে বিষয়ে BJP-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের থেকে সাজেশন নেওয়ার মধ্যেই সেই প্রতিচ্ছবি পাওয়া গিয়েছে। 

    দু'দিন আগে শমীক ভট্টাচার্যও বণিকসভার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, 'সরকারের সিদ্ধান্ত তো আমি নিতে পারব না, কেবলমাত্র ভাল পরামর্শ দিতে পারি।'  দল কখনও সরকারকে নিয়ন্ত্রণ করবে না, এ কথাও বারবার বলতে শোনা গিয়েছে তাঁকে। আবার শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠকের মধ্যে দল সংক্রান্ত কোনও প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। সেই বিষয়েই ইঙ্গিত মিলেছে মঙ্গলবার তাঁর বক্তব্যে। তিনি বলেন, 'নাম ঠিক করার জন্য শমীক ভট্টাচার্যের কাছে পরামর্শ চাওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। উনি আপনার সরকারকে বলুন নামটা ঠিক করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে আমি সেই নামটা গ্রহণ করেছি।'

     
  • Link to this news (আজ তক)