• 'বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিলে তৃণমূল থাকবে না', কেন? বড় দাবি সাংসদ সৌমিত্রের
    আজ তক | ২৭ মে ২০২৬
  • তৃণমূল দলটাই আর থাকবে না। সবাই বিজেপিতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত। এমনটাই দাবি করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

    সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, 'যদি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একবার নির্দেশ দেয়, তাহলে তৃণমূল কংগ্রেস (টিএমসি) দলটাই আর থাকবে না। সবাই বিজেপিতে আসার জন্য তৈরি। ৫০ জন বিধায়ক দল (তৃণমূল) নিয়ে অসন্তুষ্ট ও ২০ জন সাংসদও আসার জন্য প্রস্তুত…'

    এই সময়ই তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারকে নিয়েও প্রশ্ন করা হয় সৌমিত্রকে। সেই প্রশ্নের উত্তরে তাঁর জবাব, 'কেউ থাকতে পারবে না। জনতা তৃণমূল নেতাদের এত নোংরা কথা বলছে। তাই সকলেই এখন আসতে চাইছেন।'

    এখানেই শেষ না করে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন সৌমিত্র। তাঁর স্পষ্ট কথা, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন পাপী। পাপীদের জেলে যেতে হয়। আজ তাঁর বাড়ির সামনে বুলডোজার রয়েছে। ২০২১ সালে তিনি বিজেপি কর্মীদের বাড়ি ভেঙে দিয়েছিলেন। তাই পাপীদের অবিলম্বে তার ফল ভোগ করতে হবে। তাদের নরকে নামতে হবে।'

    মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গে ২০৮ আসন নিয়ে গঠিত হয়েছে বিজেপি সরকার। পতন হয়েছে তৃণমূলের সাম্রাজ্যের। আর বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই তৃণমূলের একাধিক নেতা বেসুরো হয়ে পড়েছেন। দলের সাংসদ, বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলর, সংগঠনের নেতা, অনেকেই দলের নেতৃত্বের সিদ্ধান্তের উপর আঙুল তুলছেন। এমনকী কেউ কেউ দলের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করছেন। তলে তলে যোগাযোগ করছেন শাসক দল বিজেপির সঙ্গে বলে খবর মিলছে। 

    আর সেই খবরেই সিলমোহর দিলেন সৌমিত্র। তিনি দাবি করলেন, ইতিমধ্যেই তৃণমূলের একাধিক জয়ী বিধায়ক এবং সাংসদ তাদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে। শুধু দলের কেন্দ্রীয় নেতৃত্ব একবার ছাড়পত্র দিলেই এঁরা চলে আসবেন। তখন তৃণমূল দলটাই উঠে যাবে।

    প্রসঙ্গত, মঙ্গলবার কল্যাণীর প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন খোদ তৃণমূল কংগ্রেসের এক হেভিওয়েট সাংসদ এবং দুই প্রভাবশালী বিধায়ক। তাঁদের মধ্যে ছিলেন তৃণমূল সাংসদ ড: কাকলি ঘোষ দস্তিদার। এছাড়াও উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর এবং দেগঙ্গার দুই তৃণমূল বিধায়কও শুভেন্দুর এই বৈঠকে সশরীরে উপস্থিত ছিলেন। আর এই ছবি সামনে আসার পরই দলের ভাঙন নিয়ে আরও চর্চা তুঙ্গে উঠেছে।

     
  • Link to this news (আজ তক)