জ্যৈষ্ঠের প্রবল খরতাপে কার্যত মরুভূমির আবহাওয়া শ্যামল বাংলায়। দিনের বেলা পথে বেরিয়ে ঘামে ভিজছেন অনেকে, কোথাও আবার আবহাওয়া এতটাই শুষ্ক যে ত্বক জ্বলে যাওয়ার দশা। তবে এমন জ্বালা থেকে কিছুটা রেহাই পাওয়ার সুখবর শোনাল আবহাওয়া দপ্তর। আজ অর্থাৎ বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলি ঝড়বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস। হতে পারে কালবৈশাখীও। যার জেরে আগামী কয়েকদিন তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। আর সেদিকেই চাতকদৃষ্টিতে চেয়ে অপেক্ষায় বঙ্গবাসী।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ বিহারে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত উত্তর দক্ষিণ অক্ষরেখা বরাবর বিস্তৃত। তা আবার ঝাড়খণ্ড এবং ওড়িশার উপর দিয়ে গিয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আগামী তিনদিন কালবৈশাখীর সতর্কতা। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দু-এক জায়গায়। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। শুক্রবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে।
আজ অবশ্য গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। বুধেও দহনজ্বালা টের পাবেন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলাবাসী। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কালবৈশাখী বেশি হতে পারে এই জেলাগুলিতেই। সেইসঙ্গে হাওড়া জেলাতেও। শনিবার অর্থাৎ ৩০ মে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ৬০ কিলোমিটার গতিবেগে সমুদ্রপৃষ্ঠে ঝড়ের আশঙ্কা। তাই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা – বৃহস্পতি ও শুক্রবার সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করেছেন আবহবিদরা।
উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হলেও বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামী ২৪ ঘন্টায় শুধুমাত্র জলপাইগুড়ি জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। দার্জিলিং থেকে মালদহ – উত্তরবঙ্গের সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। তবে শনিবার ও রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার – এই পাঁচ জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা সামান্য।