• ভোটে ভরাডুবির পর নিরাপত্তা প্রত্যাহার অনুব্রতর! পুলিশশূন্য় নিচুপট্টির বাড়ি
    প্রতিদিন | ২৭ মে ২০২৬
  • ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পেতেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। বাড়ি সামনে পাহারায় থাকতেন পুলিশ কর্মীরা। এবার পুলিশি নিরাপত্তা সরিয়ে নেওয়া হল। রাজ্যের তরফে এই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে বলে প্রাথমিক খবর। কেবল অনুব্রত মণ্ডলই নয়, তৃণমূল বিধায়ক কাজল শেখ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমান বোলপুর বিধানসভার বিধায়ক চন্দ্রনাথ সিংহের নিরাপত্তাও সরানো হয়েছে।

    তৃণমূল কংগ্রেস সরকারে থাকার সময় প্রতাপ দেখা গিয়েছিল অনুব্রত মণ্ডলের। তাঁর কথায়, বাঘে-গরুতে এক ঘাটে জল খায়– এমন কথাও চর্চাও ছিল! রাজ্যে পালাবদলে তৃণমূল ধরাশায়ী। বীরভূমেও বিজেপি ৬টি আসন পেয়েছে। ফলাফল প্রকাশের পর থেকে জেলায় দেখা যাচ্ছে না তৃণমূলের ছোট-বড় নেতাদের। অনুব্রত মণ্ডলও নীচুপট্টির বাড়ি থেকে বেরচ্ছেন না। বাড়ির সামনে তৃণমূল কর্মী, কেষ্ট অনুগামীদের দেখা যাচ্ছে না! তাহলে কি নিজেকে ঘরবন্দি করে ফেললেন জেলার এই তৃণমূল নেতা? এরপর কী করবেন তিনি? সেই প্রশ্ন উঠেছে। 

    তৃণমূলের এই জেলা নেতা ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পেতেন। বাড়ির সামনে বীরভূমের জেলা প্রশাসনের তরফে পুলিশ কর্মীরা মোতায়েন থাকতেন। কিন্তু সেই নিরাপত্তা কাটছাঁট করা হল এবার। বীরভূম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এতদিন তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক পদ ও রাজ্য গ্রামীণ উন্নয়ন পর্ষদের সভাপতির জন্য অনুব্রতকে ওয়াই প্লাস ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হত। পাশাপশি তাঁর বোলপুরের নিচুপট্টি বাড়িতেও চারজন সশস্ত্র হাউস গার্ড দেওয়া হয়েছিল। সব নিরাপত্তাই এবার সরিয়ে নেওয়া হয়েছে রাজ্যের তরফে।
    একই নিরাপত্তা পেতেন জেলা পরিষদের সভাধিপতি তথা হাসন বিধান সভার বিধায়ক কাজল শেখও। চন্দ্রনাথ সিংহও মন্ত্রী থাকাকালীন তাঁর বাড়িতে হাউস গার্ড-সহ পাইলট ও নিরাপত্তারক্ষী পেতেন।

    জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডল এখন থেকে কেবল একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী পাবেন। কাজলের ক্ষেত্রেও পাইলট, এসকট, হাউস গার্ড তুলে নেওয়া হয়েছে। বিধায়ক এবং সভাধিপতি হিসাবে এখন থেকে ২ সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকবে তাঁর সঙ্গে। প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথেরও নিরাপত্তা কমিয়ে বিধায়ক হিসাবে ২ সশস্ত্র নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত থেকেই এই ব্যবস্থা কার্যকর হয়েছে বলেই জানা গিয়েছে।

     
  • Link to this news (প্রতিদিন)