‘পেপারলেস’ যাদবপুর! বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজে বন্ধ হচ্ছে কাগজের ব্যবহার
প্রতিদিন | ২৭ মে ২০২৬
আর কাগজ নয়, এবার থেকে ‘পেপারলেস’ কর্মসংস্কৃতির পথে হাঁটছে দেশের অন্যতম নামী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার রাতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে। তাতে বলা হয়েছে, কর্মীদের ছুটির দরখাস্ত থেকে বিভিন্ন বিভাগের কাজকর্ম এবং অধ্যক্ষের কাছে জমা দেওয়া যাবতীয় রিপোর্ট বা আবেদন, সব কিছুর জন্য চালু করা হচ্ছে নির্দিষ্ট ইমেল আইডি। তাতেই সব দিতে হবে। কোনও কাগজে আর কাজ করা হবে না।
রাজ্যে নতুন সরকারের তরফে ডিজিটাল পদ্ধতিতে জোর দিতে আবেদন জানানো হয়েছিল, যতটা সম্ভব কাগজের ব্যবহার কমাতে হবে। যেখানে অনলাইনে কাজ হবে, সেখানে অযথা কাগজ নষ্ট না করতে। সেই আবেদনে সাড়া দিয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয় কার্যত কাগজশূন্য কার্যপদ্ধতি চালু করতে চলেছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। তাতে স্পষ্ট করে উল্লেখ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর এবং ইউনিট নির্দিষ্ট ইমেল আইডি-তে নিজেদের বক্তব্য, দাবি, আবেদন জানাক। এক্সেল বা পিডিএফ ফরম্যাটে তা জমা দিতে হবে। সেসব সরাসরি উচ্চশিক্ষা দপ্তরে ফরওয়ার্ড করে দেওয়া হবে। এর জন্য ইমেল আইডি-ও দেওয়া হয়েছে। তা হল, [email protected]
আপাতত রেজিস্ট্রারের অফিস থেকেই এই সমস্ত কাজ করা হবে। পরে ধাপে ধাপে ‘পেপারলেস’ কাজ শুরু হবে বিভিন্ন বিভাগেও। এমনই জানানো হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে যাদবপুরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। এমনিতে যাদবপুর প্রযুক্তির সঙ্গে সর্বদাই ভারসাম্য রেখে চলে। বিশেষত উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশোনা বেশ খানিকটা অনলাইন ভিত্তিক হওয়ায় কাগজের ব্যবহার কমই হয়। তা সত্ত্বেও বিভিন্ন কাজে অনেক কাগজ নষ্ট হতে দেখা যায়। তা রুখতে এবার ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের গোটা কার্যপদ্ধতিই কাগজহীন করার পথে এগোচ্ছে যাদবপুর। এখন দেখার, যাদবপুরের দেখানো পথে কী পদক্ষেপ করে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি।