বন্ধ হচ্ছে ‘এমআধার’, নয়া অ্যাপ ডাউনলোড করার পরামর্শ কেন্দ্রের
বর্তমান | ২৭ মে ২০২৬
নয়াদিল্লি: পুরানো ‘এমআধার’ অ্যাপ শীঘ্রই বন্ধ হবে বলে ঘোষণা করল সরকার। সেই সঙ্গেই নতুন চালু হওয়া আধার অ্যাপ ডাউনলোডের পরামর্শ দেওয়া হল। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই) বাড়তি নিরাপত্তা, ব্যক্তিগত তথ্যের আরও ভালো নিয়ন্ত্রণ ও আধুনিকতর যাচাই ব্যবস্থা চালুর পক্ষপাতী ছিল। সেই সূত্রেই এই বদল।
আধারের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়েছে, শীঘ্রই এমআধার বন্ধ হচ্ছে। নতুন আধার অ্যাপ ডাউনলোড করে আরও স্মার্ট ও দ্রুততর পরিষেবা পাওয়া যাবে। আপনার আধার সংক্রান্ত অভিজ্ঞতাকে আরও মসৃণ ও সহজ করতেই এই পদক্ষেপ। শুধু নান্দনিক পরিবর্তন নয়, নয়া অ্যাপে আধার ভেরিফিকেশন ও আইডেন্টিটি শেয়ারিংয়েও বদল আনা হয়েছে। অ্যাপের আগের ভার্সনটিতে আইডেন্টিফিকেশনের সময় হামেশাই অধার সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ হয়ে পড়ত। নতুন প্ল্যাটফর্মটিতে অ্যাকসেস পাওয়ার জন্য বাছাই করা তথ্যের শেয়ার ও আরও শক্তিশালী আইডেন্টিটি চেকের উপর নজর দেওয়া হয়েছে। নতুন অ্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন হলো কিউআর ভিত্তিক আধার তথ্যের শেয়ারিং ব্যবস্থা। এর মাধ্যমে হোটেল, হাসপাতাল, সরকারি দপ্তর বা বিভিন্ন পরিষেবা কেন্দ্রে এখন সহজে পরিচয় যাচাই করা যাবে। আর তা সম্পূর্ণ তথ্য না দেখিয়েই।
এখন শুধুমাত্র প্রয়োজনীয় তথ্যটুকুই শেয়ার করা সম্ভব হবে। অথেন্টিকেশন সিস্টেমেও বড় আপডেট এসেছে। আগে মূলত এসএমএস ভিত্তিক ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আধার অ্যাকসেস সম্ভব হত। নয়া ব্যবস্থায় আইডেন্টেটি ভেরিফিকেশনের আরও স্তর যুক্ত করা হয়েছে। ওটিপির পাশাপাশি এখন ক্ষেত্র বিশেষে ফেস অথেন্টিকেশন ও কিউআর ভেরিফিকেশনেরও প্রয়োজন হতে পারে। ডিজিটাল আইডেন্টিটি অ্যাকসেসের অপব্যবহার রুখে গোটা পদ্ধতি আরও নিরাপদ করে তুলতেই এই নয়া পদক্ষেপ।