• মর্নিংস্টার স্কুলে নজরুল জয়ন্তী পালন, নাচ-গান-কবিতা পাঠ করল শিশুরা
    বর্তমান | ২৭ মে ২০২৬
  • সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: মঙ্গলবার ময়নাগুড়ির মর্নিংস্টার স্কুলে নজরুল জয়ন্তী পালন করা হয়। ১২৭তম নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে কবিকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় স্কুলের কক্ষে। বিশেষ এই অনুষ্ঠানে ক্লাস কেজি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। পড়ুয়াদের পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও অংশ নেন। স্কুল সূত্রে জানা গিয়েছে, বিদ্রোহী কবি নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে চারশো জন পড়ুয়া অংশ নিয়েছিল। 

    শিশুদের পড়াশোনার পাশাপাশি তাদের প্রতিভা তুলে ধরতে মর্নিংস্টার স্কুল বছরভর বিভিন্ন অনুষ্ঠান করে থাকে। সম্প্রতি রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠান করা হয়েছিল। গত সপ্তাহে দাবা খেলা নিয়ে একটি কর্মশালা করা হয়েছিল স্কুলে। মঙ্গলবার নজরুল জয়ন্তীতে নাচ, গান ও কবিতা পাঠের মধ্যে দিয়ে পড়ুয়ারা তাদের প্রতিভা তুলে ধরে। স্কুলের শিক্ষক শিক্ষিকারাও বিদ্রোহী কবির একাধিক কবিতা পাঠ করেন। এছাড়াও কাজী নজরুল ইসলামের জীবন কাহিনী ছাত্রছাত্রীদের মাঝে তুলে ধরেন শিক্ষক শিক্ষিকারা। 

    স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, একজন মানুষকে প্রতিষ্ঠিত হতে গেলে পড়াশোনা যেমন অত্যন্ত প্রয়োজন, পাশাপাশি বিভিন্ন মনীষী, কবি, সাহিত্যিকদের মতাদর্শও জানা দরকার ছাত্রছাত্রীদের। সংগ্রামীদের জীবন কাহিনী খুদে পড়ুয়াদের মনে দাগ কাটে। তাদের মনে আগামীদিনে প্রতিষ্ঠিত হওয়ার জেদ তৈরি করে। জীবনে  চলার পথ প্রশস্ত করে। 

    মর্নিংস্টার স্কুল আগামী ৩০ মে অভিভাবকদের নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করতে চলেছে। বাচ্চাদের কীভাবে আগামীদিনের জন্য প্রস্তুত করতে হবে সেই বিষয়ে ওই বিশেষ শিবিরে আলোচনা করা হবে। পাশাপাশি ৫ জুন স্কুলের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হবে। পরের দিন ৬ তারিখ স্কুলের প্লে ক্লাসের শিশুদের নিয়ে সামার ক্যাম্প করার চিন্তাভাবনা চলছে। 

    স্কুলের প্রিন্সিপাল পিয়ালী ঘোষ বণিক বলেন, আমরা মনীষী, কবি, সাহিত্যিক সকলের জন্মজয়ন্তী পালন করি। এতে শিশুরা সংশ্লিষ্ট ব্যক্তির জীবনাদর্শ নিয়ে জানতে পারে। পড়াশোনার পাশাপাশি এগুলি অত্যন্ত প্রয়োজন। রবীন্দ্রজয়ন্তী, নজরুল জয়ন্তীতে শিশুরা অংশগ্রহণ করছে। শিশুরা নাচ, গান, আবৃত্তি পাঠ করছে। এতে তাদের প্রতিভা বিকশিত হচ্ছে। আমরা চাই, প্রত্যেক ছাত্রছাত্রী উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাক। 
  • Link to this news (বর্তমান)