• আমতায় দামোদরে ডুবে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশাসনের
    বর্তমান | ২৭ মে ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: ‘ছেলে আমার বুক খালি করে দিয়ে চলে গেল। স্যর, আপনারা ওই বালি খাদানের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিন। যাতে ওই খাদানের জন্য আর কোনো মায়ের কোল খালি না হয়। মঙ্গলবার বিকালে আমতা ও উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের দুই বিধায়কের সামনে এই কাতর আর্জি জানালেন দামোদরে স্নান করতে গিয়ে মৃত শৌভিক চক্রবর্তীর মা মৌমিতা চক্রবর্তীর। সোমবার দুপুরে আমতা থানার খড়িয়প ঘাটের কাছে দামোদরে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়ে মৃত্যু হয় তিন যুবকের। এদিন প্রশাসনের পক্ষ থেকে মৃত তিন যুবকের বাড়িতে যান হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়া, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানসকুমার মণ্ডল, উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক চিরণ বেরা, আমতার বিধায়ক অমিত সামন্ত সহ অন্যান্যরা। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে চার লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।

    এদিন মৃত শৌভিক চক্রবর্তীর মা মৌমিতাদেবী কাতর কণ্ঠে বলেন, ‘আমি ধূলাগড়ে একটা কারখানায় কাজ করতাম। সোমবার সকালে কাজে যাওয়ার আগে ছেলের মাথায় হাত বুলিয়ে পড়তে যাওয়ার কথা বলে গিয়েছিলাম। শৌভিক আমাকে টেনশন করতে বারণ করেছিল। আমি কারখানায় যাওয়ার ঘণ্টাখানেক বাদে ওর বাবা আমাকে ফোন করে বলে, বাড়ি চলে এস। ছেলে নদীতে তলিয়ে গিয়েছে। ওরা তিন বন্ধু সবসময় একসঙ্গে খাওয়া দাওয়া, ঘোরাফেরা করত। তিনজনই একসঙ্গে চলে গেল।’ এদিকে, এদিন অন্য দুই মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তাঁদের অভিযোগ, তিন যুবক জলে তলিয়ে যাওয়ার পর পুলিশকে ডুবুরির কথা বলা হলেও তাঁদের কাছে ফোন নম্বর নেই বলে বিষয়টি তাঁরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। অন্যদিকে বালি খাদান ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে আমতার বিধায়ক অমিত সামন্ত বলেন, আগের সরকারের আমলে পুলিশ কাজ না করায় কাজের ইচ্ছাটাই তাঁদের চলে গিয়েছে। আমরা প্রশাসনকে বিষয়টি বলেছি। বালি খাদান প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসনের অনুমতি থাকলেও অপরিকল্পিতভাবে বালি তোলার ফলে ওই জায়গায় বড়ো গর্ত তৈরি হয়েছে। এর ফলেই এই বিপত্তি। তিনি বলেন, ভোটের ফল ঘোষণার দিনও একইভাবে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছিল। কেন অনুমতির বাইরে গিয়ে বেশি করে বালি তোলা হয়েছে, তা তদন্তের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    এদিন বিধায়ক বলেন, প্রশাসনকে বলা হয়েছে দামোদরের যেসব জায়গা থেকে বালি তোলা হয়, সেখানে সর্তকতামূলক বোর্ড লাগাতে হবে। প্রয়োজনে পাড়ের দিকে ওই জায়গাটি ঘিরে দিতে হবে। অমিতবাবু বলেন দুর্ঘটনার খবর পাওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ রেখে পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়েছেন।
  • Link to this news (বর্তমান)