নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী হিসাবে এই প্রথম লালবাজার পরিদর্শন করলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিকেলে পৌনে ৫টা নাগাদ তিনি সেখানে পৌঁছান। তাঁকে স্বাগত জানান, অতিরিক্ত পুলিশ কমিশনার-১ ডি পি সিং। উল্লেখ্য, পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দার মা প্রয়াত হয়েছেন। তাই তিনি ছুটিতে রয়েছেন। সিপির দায়িত্বভার আপাতত সামলাচ্ছেন ডিপি সিং।
মুখ্যমন্ত্রীকে একঝলক দেখতে বিকাল সাড়ে ৪টে থেকেই লালবাজারের ভিতরে নীচুতলার পুলিশকর্মীরা ভিড় জমান। লালবাজারে প্রবেশের পর ডিডি বিল্ডিং এবং ট্রাফিক বিল্ডিংয়ের সামনে উপস্থিত পুলিশকর্মীদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এতে উচ্ছ্বাসে ফেটে পড়েন পুলিশকর্মীরা। এরপর সিপির চেম্বারে উপস্থিত শীর্ষকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। তবে বৈঠকে আলোচনার বিষয় নিয়ে অবশ্য কেউ মন্তব্য করতে চাননি। সূত্রের খবর, আসন্ন বকরি ইদ নিয়ে মুখ্যমন্ত্রী আলোচনা করেন। প্রায় ৪৫ মিনিট পর লালবাজার ছেড়ে যায় মুখ্যমন্ত্রীর কনভয়।
উল্লেখ্য, ২৮ মে বৃহস্পতিবার বকরি ইদ। এই উপলক্ষ্যে শহরের নিরাপত্তা নিয়ে মঙ্গলবার দুপুরে আলিপুর বডিগার্ড লাইনসে কলকাতার সব থানার ওসি এবং পদস্থ অফিসারদের সঙ্গে বৈঠক করেন ডি পি সিং। ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে, রাস্তায় নামাজ পড়া যাবে না। সরকারের এই নীতির ফলে এবার রেড রোডের বদলের ব্রিগেড এবং কালীঘাট গ্রাউন্ডে ইদের নামাজ হবে। তবে তার জন্য সেনাবাহিনী এবং লালবাজারের আগাম অনুমতি নিতে হবে। পাশাপাশি, কুরবানি দিতে হবে ১৯৫০ সালের আইন মেনে। লালবাজার সূত্রের খবর, নাখোদাসহ শহরের কয়েকটি মসজিদে স্থানাভাবের কথা জানিয়ে রাস্তায় ইদের নামাজ পড়ার অনুমতি চাওয়া হয়। কিন্তু লালবাজার ওই অনুমতি দেয়নি।